নরসিংদী, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে আদালত প্রাঙ্গণে মেয়র লোকমান হত্যা মামলার আসামিদের ওপর হামলা ও জেলা আইনজীবী সমিতির কার্যালয় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে হাজিরা দিয়ে বের হয়ে আসার পর হামলার এ ঘটনা ঘটে।
গত বছরের ১ নভেম্বর নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান মুখোশধারীদের গুলিতে নিহত হন। এ ঘটনায় লোকমানের ভাই কামরুজ্জামান ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
এ মামলায় জামিনে থাকা প্রধান আসামি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজুর ছোটভাই সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু জানান, তিনিসহ অন্যরা দুপুরে আদালতে হাজিরা দেওয়া শেষে বের হয়ে আসেন। এ সময় সদর আসনের সাংসদ নজরুল ইসলাম হিরু ও বর্তমান পৌর মেয়র কামরুজ্জামানের নেতৃত্বে আসা একটি মিছিল থেকে তাদের ওপর হামলা চালানো হয়।
ওই হত্যাকাণ্ডের পর উপনির্বাচনে লোকমানের ছোট ভাই কামরুজ্জামান মেয়র পদে নির্বাচিত হন।
হামলায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করে বাচ্চু অভিযোগ করেন, আত্মরক্ষার্থে তারা আইনজীবী সমিতির ভবনে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়।
অবশ্য নজরুল ইসলাম হিরু অভিযোগ অস্বীকার করে বলেন, “কারা ওই ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই।”
জেলা আইনজীবী সমিতিরি সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ শিকদার বলেন, “বারকাউন্সিলে এমন সন্ত্রাসী হামলার ঘটনা আর কখনো হয়নি। আমরা এ ঘটনার নিন্দা ও হামলাকারীদের বিচার চাই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৩৯ ঘ.
bdnews24