২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি সঙ্কট হবে না, আশা দিল ওয়াসা

ওয়াসার এমডি বলেছেন, পানি উত্তোলন নিরবচ্ছিন্ন রাখতে ৬০২টি পাম্প স্টেশনের ৪৩৩টিতেই জেনারেটর বসানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 10:18 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে গেলেও চলতি শুষ্ক মৌসুমে ঢাকা মহানগরীসহ আশপাশের এলাকায় পানি সঙ্কট হবে না বলে নগরবাসীকে আশা দিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। বৃহস্পতিবার কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা কার্যালয়ে চলতি শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতকরণ শীর্ষক এক মতবিনিময় সভায় এই আশার কথা জানান তিনি। ওয়াসা এমডি বলেন, চলতি শুষ্ক মৌসুমে (মধ্য ফেব্রুয়ারি- মধ্য মে পর্যন্ত) রাজধানীতে পানির সঙ্কট সমাধানে গত এক বছরে প্রায় ৮৮টি গভীর নলকূপ (৩০টি নতুন এবং ৫৮টি প্রতিস্থাপন) স্থাপন করা হয়েছে এবং আরো ২৩টি গভীর নলকূপ (১৩টি নতুন এবং ১০টি প্রতিস্থাপন) স্থাপনের কাজ চলছে। “বিদ্যুতের লোডশেডিংয়ের সময় পানির উৎপাদন অব্যাহত রাখতে মোট ৬০২টি পাম্প স্টেশনের মধ্যে ৪৩৩টিতে স্থায়ী জেনারেটর স্থাপন করা হয়েছে। পাশাপাশি জরুরি ব্যবহারের জন্য ৬০টি ভ্রাম্যমাণ (মোবাইল) জেনারেটর রয়েছে,” বলেন তিনি। এছাড়া লোডশেডিংয়ের বিষয়টি বিবেচনায় রেখে ২০৪টি পাম্প স্টেশনে ডুয়েল লাইন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলেও জানান তাকসিম। “জরুরি অবস্থা মোকাবেলায় ৩৬টি পানির গাড়ি, ১৬টি ট্রাক্টর এবং ২৮টি ট্রলি প্রস্তুত রাখা হয়েছে,” যোগ করেন তিনি। শুষ্ক মৌসুমে কয়েকটি কারণে পানি সরবরাহে ঘাটতি থাকে জানিয়ে ওয়াসা এমডি বলেন, উত্তোলনের তুলনায় রিচার্জ কম হওয়ায় ভূ-গর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচে নেমে যাচ্ছে। এছাড়া শুষ্ক মৌসুমে পানির স্তর বেশি নেমে যাওয়ায় নলকূপগুলোতে পানির উৎপাদন কমে যায়। “বিদ্যুৎ বিভ্রাটের জন্য গভীর নলকূপগুলো ২৪ ঘণ্টা চালু রাখা সম্ভব হয় না। জেনারেটর দিয়ে অবিরাম পাম্প চালানোও সম্ভব নয় বলে পানির উৎপাদন কমে যায়,” বলেন তিনি। তাকসিম জানান, বর্তমানে রাজধানীতে ৬০২টি গভীর নলকূপ এবং ৪টি পানি শোধনাগারের মাধ্যমে ২১০ থেকে ২২৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে প্রায় ২১০ থেকে ২১৫কোটি লিটার পানি উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম ওয়াসা। তবে বর্তমানে দৈনিক ২০৮ কোটি লিটার পানি উৎপাদন করে সরবরাহ করা হচ্ছে। সেই হিসেবে প্রায় ১৭ কোটি লিটার পানি ঘাটতি থাকলেও অন্যান্য মৌসুমে যেমন পানির সঙ্কট দেখা যায় না, এবার শুষ্ক মৌসুমে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করছে ওয়াসা। ওয়াসার পানির ৮৭ শতাংশ ভূ-গর্ভস্থ এবং অবশিষ্ট ১৩ শতাংশ ভূ-পৃষ্ঠের উৎস থেকে সংগ্রহ হয়ে থাকে। ওয়াসা এমডি জানান, সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ এবং নির্মাণাধীন ফেজ-২ এর সরবরাহ করা পানি শুষ্ক মৌসুমে গন্ধমুক্ত রাখার জন্য শোধনাগার ফেজ-২ এর অধীনে উভয় ফেজের জন্য দুইটি প্রাক-শোধন ইউনিট নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে ফেজ-১ এর প্রাক-শোধন ইউনিটটির নির্মাণ কাজ শেষে তা পরীক্ষামূলকভাবে চাল হয়েছে। এছাড়া পানি জীবাণুমুক্ত করার লক্ষ্যে ক্লোরিনেশন করে সরবরাহ করার জন্য স¤প্রতি ১০০টি পানির পাম্পে ক্লোরিনেশন সেট (যন্ত্র) স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। ওয়াসা এমডি জানান, গত ১ বছরে ৫১ দশমিক ৬ কিলোমিটার নতুন পানির লাইন স্থাপন এবং ৪৪ দশমিক ৮০ কিলোমিটার সংস্কার করা হয়েছে। গত এক বছরে ১০ হাজার ৬৭৬টি নতুন পানির সংযোগ দিয়েছে ঢাকা ওয়াসা। এ নিয়ে বর্তমানে ওয়াসার মোট পানির সংযোগ ৩ লাখ ২ হাজার ৫১৩-এ দাঁড়িয়েছে বলে ওয়াসা এমডি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬১০ ঘ.