ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবস্থাপনা দূর করতে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ রায় দেয়।
নির্দেশনাগুলো হলো- বিমানের পরিচালনা পরিষদে নিয়োগে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের অতীত অভিজ্ঞতা বিবেচনা, ফ্লাইট পরিচালনার সময়সূচি ঠিক রাখতে নিয়মিত তদারকির ব্যবস্থা, বিমানে পরিবহনকৃত লাগেজ থেকে অবৈধ উপার্জন বন্ধে বিশেষ টিম গঠন করে যাচাইয়ের ব্যবস্থা, অনলাইনে টিকেট বুকিংয়ের ব্যবস্থা এবং বিমানের সব ক্রয় ও ব্যয় তদারকি করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন ও কোনো অসদুপায় পেলে আইনী ব্যবস্থা নেওয়া।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব এ সব নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছে আদালত।
আদালত একইসঙ্গে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স না মেনে এমপিদের বিনা খরচে টিকেট ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে উন্নীত করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত ২৮ নভেম্বর অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী হাই কোর্টে রিট আবেদনটি দায়ের করেছিলেন।
২০০৯ সালের মার্চে বাংলাদেশ বিমান পরিচালনা পরিষদের এক সভায় মন্ত্রী, এমপি ও তাদের পরিবারের সদস্যদের টিকেট আপগ্রেড করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়।
পরে বিমানের অব্যবস্থাপনা রোধে ৫ দফা নির্দেশনা চেয়ে রিটকারীরা বুধবার একটি সম্পূরক আবেদন জমা দেয়। আদালত শুনানি শেষে ওই পাঁচ দফা নির্দেশনা দেওয়ার পাশাপাশি রুল চূড়ান্ত করে রায় দেয়।
আদালতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।
ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন পদের মর্যাদাক্রমের বিন্যাস নির্ধারিত হয়। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ও আসনবিন্যাস এবং ভিআইপিসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদাধিকারীদের বিমানবন্দরে বিদায় বা স্বাগত জানানোর সময় কে বা কারা উপস্থিত থাকবেন তাও নির্ধারিত হয় এর মাধ্যমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৯০১ ঘ.
bdnews24