২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি কর্মকর্তার মরদেহ দূতাবাসের কাছে হস্তান্তর

গুলশানে নিহত সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর লাশ সে দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে একটি বিশেষ বিমানে তার কফিন সৌদি আরবে নিয়ে যাওয়া হবে বলে দূতবাস কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 09:49 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে নিহত সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলীর লাশ সে দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে একটি বিশেষ বিমানে তার কফিন সৌদি আরবে নিয়ে যাওয়া হবে বলে দূতবাস কর্তৃপক্ষ জানিয়েছে। সৌদি আরব দূতাবাসের লিগ্যাল অ্যাডভাইজার মোহাম্মদ জসিমউদ্দিন সরকার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজের হিমঘর থেকে খালাফ আল আলীর মরদেহ তার কাছে হস্তান্তর করে পুলিশ। “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের পাশের মসজিদে নেওয়ার পরে বিকাল ৫টায় খালাফ আল আলীর প্রথম জানাজা হবে। এরপর সৌদি সরকারের ভাড়া করা বিশেষ বিমানে করে লাশ নিয়ে যাওয়া হবে রিয়াদে।” ঢাকায় সব দূতাবাসের রাষ্ট্রদূতদের জানাজায় আসতে অনুরোধ করা হয়েছে বলেও জানান জসিম। সোমবার রাত ১টার দিকে গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। লাশের ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, বুকে গুলিবিদ্ধ হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণেই খালাফের মৃত্যু হয়। হত্যাকাণ্ডের ৩৪ ঘণ্টা পর বুধবার দুপুরে গুলশান থানায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে লিগ্যাল অ্যাডভাইজার বলেন, “এটি স্পর্শকাতর বিষয়, একটি জাতীয় ইস্যু। এর ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে।” এ কারণে মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/জেকে/১৫৪০ ঘ.