২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি নাগরিক হত্যাপরিচয় জানারও দুই ঘণ্টা পর আলামত সংগ্রহ

দেরির বিষয়টি মানতে নারাজ হলেও সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা স্বীকার করেছেন, এই সময়ে আলামত নষ্ট হওয়ার যথেষ্ট সুযোগ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 04:18 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

লিটন হায়দার অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি দূতাবাসের কর্মকর্তা পরিচয় পাওয়ারও দুই ঘণ্টা পর খালাফ আল আলী গুলিবিদ্ধ হওয়ার স্থানে আলামত সংগ্রহে গেছে সিআইডি। দেরির বিষয়টি মানতে নারাজ হলেও সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা স্বীকার করেছেন, এই সময়ে আলামত নষ্ট হওয়ার যথেষ্ট সুযোগ থাকে। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর আলামত নষ্টের বিষয়টি প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বলা হয়েছিল এবং বিষয়টির গুরুত্বও তুলে ধরা হয়েছিল। কিন্তু সৌদি দূতাবাসের কর্মকর্তা গুলশানে সড়কের পাশে গুলিবিদ্ধ হওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধারের পরও আলামত সংগ্রহে সিআইডি কর্মকর্তাদের দেখা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার ১২ ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ১টায় সিআইডি কর্মকর্তাদের ঘটনাস্থলে দেখা যায়, এর দুই ঘণ্টা আগে তার পরিচয় প্রকাশ হয়। মঙ্গলবার প্রথম প্রহরে (রাত ১টা) গুলিবিদ্ধ খালাফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সোয়া ৫টায় মারা যান। খালাফ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে পুলিশ ৩৩ ঘণ্টা পর একটি মামলা করলেও বুধবার সন্ধ্যা পর্যন্ত খুনিদের চিহ্নিত কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ‘ক্রাইমসিন’ টিমের সদস্যরা মঙ্গলবার দুপুর ১টায় ঘটনাস্থল থেকে পায়ের ছাপসহ কিছু নমুনা সংগ্রহ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছতে দুই ঘণ্টা লেগে গেল কেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রশ্নে সিআইডির সহকারী পুলিশ সুপার সবদার আলি বলেন, “আমরা দেরি করেননি। খবর পাওয়া মাত্র সেখানে গেছি।” এই সময়ের মধ্যে অনেক আলামত নষ্ট হতে পারে- স্বীকার করে তিনি বলেন, “ঘটনাস্থল থেকে যে আলামত নেওয়া হয়েছে সেখানে অনেকেরই পা পড়েছে।” থানা পুলিশের কারণেই দেরি হয়েছে কি না- জানতে চাওয়া হলে সিআইডির এই কর্মকর্তা তা এড়িয়ে যান। তবে গুলশান বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নিযামুল হক মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যথা সময়ে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। রাস্তায় জ্যামের কারণে দেরি হয়ে থাকতে পারে।” তবে তিনি দাবি করেন, সিআইডির ‘ক্রাইমসিন’ আসার আগে থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছিল। কখন সিআইডিকে খবর দেওয়া হয়েছিল- এই প্রশ্নের জবাব এড়িয়ে নিযামুল বলেন, “ক্রাইমসিন তো এসেছিল।” আলামত সংগ্রহে সিআইডি কর্মকর্তাদের আরো তৎপর হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক নূরুল হুদা। তবে তিনি একইসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেরিতে পৌঁছলে যে সব আলামত নষ্ট হবে, এমন কোনো কথা নেই।” “ঘটনার পর থানা পুলিশের একটি টিম থাকার কথা, যারা আলামত সংগ্রহ করবে। সত্য হলেও সেটা কোনো থানায় নেই। আমাদের পুলিশের সে অবস্থা আসতে সময় লাগবে,” বলেন সাবেক পুলিশপ্রধান। যেভাবে পাওয়া যায় পরিচয় গুলশান থানার পরিদর্শক (তদন্ত) নূর এ আযম মিয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালাফকে হাসপাতালে ভর্তির পর ভোর সোয়া ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সকালে তার মৃতদেহের ছবি তুলে ঘটনাস্থলে গুলশান থানার ওসিসহ তিনি যান। আশেপাশের সবাইকে ছবি দেখানো হয়। যে বাসায় খালাফ আল আলী ভাড়া থাকতেন সে বাসার সামনে সকাল ১১টার দিকে সৌদি পোশাক পরা এক ব্যক্তিকে ছবি দেখিয়ে পরিচয় সনাক্ত করা হয় বলে তিনি জানান। পুলিশ কর্মকর্ত আযম বলেন, সৌদি পোশাক পরা ওই ব্যক্তিকে ছবিটি দেখানো মাত্রই তিনি অজ্ঞান হয়ে যান। শুশ্রƒষা করে তাকে সুস্থ করে তোলা হয়। এরই মধ্যে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়নি খালাফ আল আলীর হত্যার ঘটনার কোনো ক্লু পায়নি পুলিশ। এই ঘটনাটি থানা পুলিশ ছাড়াও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং র‌্যাব আলাদাভাবে তদন্ত করছে। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তে অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য দেওয়ার সময় আসেনি। কোনো ক্লু পাওয়া গেছে কি না বা কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, “তদন্ত চলছে। সময় হলে জানতে পারবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এমআই/২২০৭ ঘ.