২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ মার্চ: হোটেল-মেসে অভিযান

বিএনপির ১২ মার্চের মহাসমাবেশকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন স্থানে সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযানে নেমেছে র‌্যাব ও পুলিশ। জানাচ্ছেন লিটন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 03:38 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

লিটন হায়দার অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১২ মার্চ বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে বিভিন্ন আবাসিক স্থাপনায় অভিযান চালাচ্ছে পুলিশ ও র‌্যাব। পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা বলছেন, কর্মসূচিতে যোগ দিতে আগে-ভাগেই লোকজন রাজধানীতে জড়ো হতে থাকায় ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি’ স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি করছে তারা। র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির কর্মসূচিকে সামনে রেখে হোটেলসহ বিভিন্ন জায়গায় নজরদারি রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় অভিযানও চালানো হয়েছে।” নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পুলিশ কর্মকর্তা জানান, ১২ মার্চের ঢাকা চলো কর্মসূচি কেন্দ্র করে রাজধানী ও তার আশপাশ জুড়ে ব্যাপক নিরাপত্তা ছাড়াও আগাম বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা বলছে, বৃহস্পতিবার থেকে রাজধানীতে লোকজন আসা শুরু হবে এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের দেওয়া একটি প্রতিবেদনে। পরিস্থিতি সামাল দিতে ঢাকা মহানগর পুলিশ ছাড়াও আশেপাশের জেলা থেকেও পুলিশ আনা হবে বলে তারা জানান। কর্মকর্তারা বলছেন, সবধরনের নাশকতাকে সামনে রেখে তা প্রতিহত করতে অনেক কৌশল নিয়েছে পুলিশ। পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা বলেন, জামায়াত-শিবির বা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরির সদস্যরা বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন আশঙ্কাও রয়েছে। এই দুটি সংগঠন ছাড়াও বিএনপির যেসব নেতাদের বিরুদ্ধে আগে নানা অভিযোগ রয়েছে তাদের দিকে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একটি থানার ওসি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ইতিমধ্যে এলাকার সব মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। থানায় ডেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে, মিছিল নিয়ে যেনো কেউ ঢাকা চলো কর্মসূচিতে যোগ না দেয়। কেউ যেতে চাইলে মিছিল ছাড়াই যেতে পারবে। একইভাবে এলাকার বাস মালিকদের ডেকে বলে দেওয়া হয়েছে, ওই দিন কোন রাজনৈতিক দলকে যেনো বাস ভাড়া না দেওয়া হয়। তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যারা কর্মসূচির ডাক দিয়েছেন তারাও যেনো ভালো ভাবে কর্মসূচি পালন করতে পারে, আবার সাধারণ জনজীবনেও যেনো কোন বিঘœ না ঘটে তা দেখভাল করার দায়িত্ব পুলিশের। এজন্য যা যা করা প্রয়োজন পুলিশ তা করছে, বলেন তিনি। হোটেল, কোচিং সেন্টার, মেসগুলোতে নজরদারি বাড়ানোর কথা স্বীকার করে উপ কমিশনার বলেন, কোথাও সন্দেহ হলেই পুলিশ অভিযান চালাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/২১২২ ঘ.