ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গুলিস্তানে এক ব্যবসায়ীকে অজ্ঞান করে প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
সুশান্ত সাহা (৩০) নামে ওই ব্যক্তি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের প্লাস্টিক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছে।
সুশান্তের বড় ভাই গোবিন্দ সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সকালে মালামাল কিনতে চকবাজারের উর্দ্দু রোডে যাওয়ার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সুশান্ত। পরে সুশান্তকে গুলিস্তান এলাকা থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জে নিয়ে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে সুশান্তের অবস্থার অবনতি ঘটলে বিকাল পৌনে ৫টার দিকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
সুশান্তের স্ত্রী মনি সাহা জানান, সকালে নিতাইগঞ্জের বাসা থেকে বের হওয়ার সময় সুশান্তের কাছে প্রায় সাড়ে ৩ লাখ টাকা ছিলো। এখন তার সঙ্গে থাকা ওই টাকা ও মোবাইল ফোনসেট পাওয়া যাচ্ছে না।
ঢামেক পুলিশ ফাঁড়ির নায়েক মোখলেছুর রহমান জানান, সুশান্ত সাহাকে ১১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
এদিকে পোস্তাখোলা ব্রিজের নিচে মাইক্রোবাস ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
পথচারীরা সতের বছরের ওই কিশোরকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরনে লুঙ্গি ও চেক শার্ট রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০২৩ ঘ.
bdnews24