২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্টের হামলাই শেষ নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে শত্র“রা এখন মরিয়া হয়ে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 01:50 PM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে শত্র“রা এখন মরিয়া হয়ে উঠেছে। সহকর্মীদের ২১ অগাস্ট গ্রেনেড হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। জাতীয় সংসদে বুধবার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এদিন সংসদ অধিবেশন শুরু হয় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে, স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে। দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয় বলে জানান স্পিকার। তাজুল ইসলামের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে আমাদের শত্র“রা এখন মরিয়া হয়ে উঠেছে। তাই বলছি, ওই ২১ অগাস্টই শেষ নয়।” “হত্যা বা হামলার পরিকল্পনা এখনো চলছে। যে যেখানে আছেন আপনারা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।” ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বিএনপি-জামায়াত ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ঘটায়। “যে ষড়যন্ত্র এ দেশে ১৫ অগাস্ট সৃষ্টি করেছে, সে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২১ অগাস্টের মতো ঘটনা ঘটানো হয়েছে। সাজানো নাটকের সমাপ্তিতে আমরা জজ মিয়ার মতো চরিত্রও দেখতে পেয়েছি।” “জজ মিয়াকে ধন্যবাদ যে, সে বেঁচে থাকায় জাতি অনেক রহস্য খুব সহজে জানতে পেরেছে,” বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ সংক্রান্ত মামলাটির বিচার দ্রুত বিচার আইনে হওয়ায় আশা করা যায় নির্দিষ্ট সময়ে বিচার কাজ শেষ হবে। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের গত মেয়াদে সংগঠিত এ ঘটনার মামলায় দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতে ইসলামীর শীর্ষনেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ আসামি ৫২ জন। এদের মধ্যে ৩০ জনকে গত বছরের ৩ জুলাই দেওয়া সম্পূরক অভিযোগপত্রে আসামি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে আগামী ১৮ মার্চ আদেশ দেবে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানায় মিৎসুবিসি পাজেরো ডি-৩১ জিপ উৎপাদন ও বাজারজাত শুরু হয়েছে। দেশে স্থানীয়ভাবে সিডান কার তৈরির বিষয়ে সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। চিটাগং ড্রাইডক সমুদ্রগামী জাহাজ নির্মাণের জন্য ডক/শ্লিপওয়েসহ পূর্ণাঙ্গ অবকাঠামো ও প্রয়োজনীয় সুবিধাদি স্থাপনের বিষয়ে কাজ হাতে নিয়েছে বলে জানান তিনি। এছাড়া ইস্টার্ন টিউবসের কারখানায় এনার্জি সেভিং বাল্ব ও টি-৮ টিউব লাইট উৎপাদনের কাজ হাতে নেওয়া হয়েছে। গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জনান, পুলিশ বাহিনীর জনবল বাড়াতে ৩২ হাজার ৩১ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ১৭ হাজার তিন জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/১৯৪৮ ঘ.