কুড়িগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে লালমনিরহাট সদরের সেলিমনগরে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
বুধবার সকালে এ দুর্ঘটনায় বাস দু’টি দুমড়েমুচড়ে রাস্তায় পড়ে থাকায় প্রায় দু’ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকে।
আহতদের মধ্যে খাদিজা বেগম (৪০) ও রহিমা (৩৫) নামের দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কুড়িগ্রাম ও লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও আহতরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে রাজশাহীগামী বিআরটিসি বাস এবং বিপরীতমুখী শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
কুড়িগ্রাম ও লালমনিরহাটের অগ্নিনির্বাপণ দল উদ্ধার কার পরিচালনা করে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমকে বলেন, আশঙ্কাজনক অবস্থায় দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কুড়িগ্রাম পিটিআই’র সুপার কাজী নূর মোহাম্মদ আজাদ (৫০), সদরের ঘোষপাড়ার মুন্নী (২৬), ডাকবাংলা পাড়ার আব্দুল মজিদ (৩৫), পলাশবাড়ীর সুলতানা (২৪) ও লাবনী (২২), পাওয়ার হাউজ পাড়ার রাসেল (২৫), ছাদেকুল (৩৩), সাহেরা (৮০), বেলগাছার আশরাফুল (৩০), হাসপাতাল পাড়ার রবিউল (২৫), উলিপুরের ছোরাল (২৫), নাগেশ্বরী উপজেলার নূর ইসলাম (৪০) ও স্বপ্না (৩২), লালমনিরহাটের খেদাবাগ এলাকার মঈনুল ইসলাম (২৩)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৪১ ঘ.
bdnews24