ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে দুই দিনব্যাপাী এশিয়া অঞ্চলের প্রথম নারী পুলিশ সমাবেশ শুরু হয়েছে।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে বুধবার সকালে ‘লিডারশিপ ফর পুলিশ উওম্যান-এশিয়া’ শীর্ষক এ সম্মেলন শুরু হয়।
সমাবেশে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে আন্তর্জাতিক নারী পুলিশের ২৫ জন বোর্ড অব ডিরেক্টরসহ মোট ৪৭ জন নারী পুলিশ সদস্য অংশ নিচ্ছেন।
৫৫টি দেশের পুলিশ সদস্য নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উওম্যান পুলিশ গঠিত। ১৮টি অঞ্চলে বিভক্ত এ সংস্থার ১৫তম অঞ্চলের সদস্য বাংলাদেশ।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস জানান, সমাবেশে বিভিন্ন দেশের নেতৃস্থানীয় নারী পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ দেশের পুলিশ ব্যবস্থাপনা, নারী পুলিশের অবস্থান, নেতৃত্ব তৈরি, পেশাদারিত্ব ও মান উন্নয়ন, সর্বোপরি বিভিন্ন পদে কর্মরত ‘আলোকিত’ নারী পুলিশ সদস্যদের সঙ্গে মত বিনিময় করে নারী পুলিশদের জন্য একটি বৈশ্বিক কৌশল গঠনের লক্ষে কাজ করবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরষ্ট্র প্রতিমন্ত্রী সামশুল হক টুকু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, জাতিসংঘের রেসিডেন্স কো-অর্ডিনেটর নীল ওয়াকারসহ পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/আরএ/১৮২২ ঘ.
bdnews24