ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী গুলিতে নিহত হওয়ার ৩০ ঘণ্টা পরও এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বুধবার দুপুর ১২টার দিকে গুলশান থানার ওসি রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।”
মামলা করতে বিলম্বের কারণ জানতে চাইলে কোনো উত্তর দেননি এই পুলিশ কর্মকর্তা।
সোমাবার রাত ১টার দিকে গুলশানের ১২০ নম্বর সড়কে গুলিবিদ্ধ হন ৪৫ বছর বয়সী খালাফ আল আলী। গুরুতর আহত অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এই সৌদি নাগরিক তার দেশের দূতাবাসে কনস্যুলার বিভাগে কাজ করতেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার তার লাশের ময়নাতদন্তের পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক অ্যান্ড মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালাফ আল আলীর বুকের বাম পাশে একটি গুলি পাওয়া গেছে। গুলিটি তার কিডনিও স্পর্শ করেছে।
গুলিবিদ্ধ হওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণেই খালাফের মৃত্যু হয় বলে উল্লেখ করেন এই চিকিৎসক।
গুলশানের ওসি জানান, এই সৌদি নাগরিকের মরদেহ ঢাকা মেডিকেলের হিমঘরে রাখা হয়েছে।
গুলশানের ১২০ নম্বর রোডের যে ফ্ল্যাটে খালাফ থাকতেন, তার নিরপত্তাকর্মী তাপস রেমা সাংবাদিকদের জানিয়েছেন, বাসায় একাই থাকতেন এই দূতাবাস কর্মকর্তা। প্রায় রাতেই তিনি সাইকেল নিয়ে বা একা হাঁটতে বের হতেন।
সোমবার রাত সাড়ে ১১ দিকে ট্রাউজার ও গেঞ্জি পরে বাসা থেকে বের হন খালাফ। কিন্তু আর ফেরেননি।
রাত ১ টার পর গুলির শব্দ শুনে কনস্যুলেট অব পর্তুগাল প্রধানের কার্যালয়ের দেওয়ালের কাছে খালাফকে পড়ে থাকতে দেখেন ওই ভবনের নিরাপত্তাকর্মী জুরফিকার। তিনিই পরে পুলিশে খবর দেন।
ঘটনার পর সাদা রঙের একটি গাড়ি দ্রুতবেগে ওই এলাকা থেকে চলে যেতে দেখেন বলে সাংবাদিকদের জানিয়েছেন জুলফিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১২৫৫ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
ক্স দেশে এখন কূটনীতিকরাও নিরাপত্তাহীন: খালেদা
ক্স গুলিতে সৌদি দূতাবাস কর্মকর্তা নিহত
ক্স ‘বুকে লাগা গুলি আঘাত করে কিডনিতে’
bdnews24