বরিশাল, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাঁজা সেবনের প্রতিবাদ করায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার এই হামলায় আহত তমাল হাওলাদার স্থানীয় বিকে মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। কাদিরাবাদ গ্রামের খলিল হাওলাদারের ছেলে।
তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে ভর্তি করা হয়েছে।
তমালের বাবা খলিল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টায় পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর স্থানীয় সন্ত্রাসী রাজিব, পলাশ ও হিরা তাকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
এরপর পাশের সন্তোষপুর দাখিল মাদ্রাসায় নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে। এতে তার সারা শরীর ফুলে গেছে। বামহাত ভেঙে গেছে।
তিনি আরো বলেন, কিছুদিন আগে পলাশ, রাজিব, হিরাসহ কয়েকজন বখাটে বিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাঁজা সেবন করার সময় স্থানীয়রা তাদের মারধর করে। ওইসময় তমালও সেখানে ছিল।
এর জেরে বখাটেরা তমালের ওপর হামলা করেছে।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সাইদুর রহমান বলেন, তমালের বামহাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ফুলে গেছে।
মেহেন্দিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অতুল চন্দ্র ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.
bdnews24