ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরাঞ্চলের ভবনগুলোর ত্র“টিপূর্ণ অবকাঠামোকে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে খাদ্য মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ।
বিভাগের সচিব আসলাম আলম মঙ্গলবার বলেন, দেশে ভবন ও স্থাপনা নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা (বিল্ডিং কোড) প্রণয়ন করা হলেও তার যথাযথ প্রয়োগ বড় সমস্যা।
“ভূমিকম্প পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে আরো প্রস্তুত হতে হবে।”
বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের উপ-সহকারী প্রতিরক্ষা সেক্রেটারি জেমস এ শিয়ারের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সচিবের সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত সচিব আব্দুল ওয়াজেদ বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা পদ্ধতি ও বিভিন্ন কর্মসূচির বিষয়ে এবং সেনা কর্মকর্তা কর্নেল তৌহিদ দুর্যোগ ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ বিষয়ে বৈঠকে উপস্থাপনা তুলে ধরেন।
বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ঘূর্ণিঝড় ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।
সচিব আসলাম আলম বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন। এ সময় সচিব ১৯৯১ সালের ঘূর্ণিঝড় এবং সিডরে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার কথা স্মরণ করেন।
জেমস শিয়ার দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রস্তুতির প্রশংসা করে ভবিষ্যতেও দুর্যোগ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা আরো সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১২৮ ঘ.
bdnews24