চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনার জের ধরে নগরীর রাহাত্তারপুলে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রায় সোয়া একঘণ্টা অবরোধ করে রাখে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় উভয়পাশে কয়েকশ’ গাড়ি আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে রাহাত্তারপুলের সামনে চন্দনাইশ থেকে আসা বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে।
এর জের ধরে মোটরসাইকেল আরোহীরা কয়েকজন পুলিশ সদস্যকে ডেকে আনেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজন ছাত্রকে লাঠিপেটা করে।
ঘটনাস্থলে যাওয়া বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাঠিপেটার প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। এ সময় তারা দায়ী পুলিশ সদস্যদের শাস্তিও দাবি করেন। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
এ ঘটনায় দুই কনস্টেবলকে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান বাকলিয়া থানার ওসি আনোয়ার কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৫৮ ঘ.
bdnews24