ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজে যাওয়ার জন্য এ বছর থেকে পঁচাত্তরোর্ধ্ব নারী-পুরুষের ‘ফিটনেস সনদ’ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মূলত হজে গিয়ে বয়োঃবৃদ্ধ হাজিদের মৃত্যুর হার বেড়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত এসেছে।
ধর্মমন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার অসুস্থদের হজে যাওয়া থেকে বিরত রাখতে চায়। আর সেজন্যই এ ধরনের ব্যবস্থা।
ফিটনেট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অতীতে দুর্বলতার কথা স্বীকার করে তিনি বলেন, এ কারণে সরকার চিকিৎসকদের বিশেষ দল গঠন করে হজে গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা করবে।
২০১১ সালে হজে গিয়ে ১৩৩ জনের মৃত্যু হয়।
এদিকে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের সভাপতিত্বে এক বৈঠকে প্রতি বিভাগে চিকিৎসক বোর্ড গঠনের সিদ্ধান্তের কথা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/১৯৪৫ ঘ.
bdnews24