২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যাকাণ্ডজাতিসংঘ মহাসচিবকে চিঠি

ঢাকায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে বিশ্বসংস্থাটির মহাসচিব বান কি মুনকে চিঠি দিয়েছে বনে বসবাসরত বাঙালিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 10:56 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

মারুফ মল্লিক বন থেকে বন (জার্মানি), মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে বিশ্বসংস্থাটির মহাসচিব বান কি মুনকে চিঠি দিয়েছে বনে বসবাসরত বাঙালিরা। মঙ্গলবার বনে জাতিসংঘ কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের পর এই চিঠি দেওয়া হয়। সকাল ৯টা থেকে ৩০ মিনিটব্যাপী এ মানববন্ধনে বাঙালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক এবং জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের কর্মীরা অংশ নেন। তারা বাংলাদেশে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে। সাগর ২০০৮ থেকে ২০১১ সাল থেকে ডয়চে ভেলের বাংলা বিভাগে কর্মরত থাকার কারণে বনে অবস্থান করেন। তিনি গত বছর দেশে ফিরে যান। তার সূত্রে স্ত্রী মেহেরুন রুনিও ছিলেন বনে। বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর প্রায় এক মাস হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতিসংঘ মহাসচিবের বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। এটি জনসাধারণের মধ্যে হতাশা ও বিভ্রান্তি সৃষ্টি করছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মহাসচিবের কাছে পাঠানো ওই চিঠিতে সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মানববন্ধন আয়োজকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, এই হত্যাকাণ্ডের বিষয়ে বাংলাদেশ সরকারের কর্ণধারদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য না পেয়ে তারা জাতিসংঘ মহাসচিবের হস্তক্ষেপ চেয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সাগর সরওয়ারের সাবেক সহকর্মী সারাহ বেরনিং বলেন, “আমরা এ হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত দাবি করছি। শুধু এ ঘটনাই নয়, সারাবিশ্বেই সাংবাদিকদের নিরাপত্তা দাবি করছি।” ডয়চে ভেলের বাংলা বিভাগে সাগরের সাবেক সহকর্মী মারিনা জোয়াদার বলেন, “তদন্ত নিয়ে টালবাহানা হচ্ছে বলে আমরা মনে করি। এছাড়া বিচার বিভাগের একটি নির্দেশের কারণে গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্য সরবরাহের বিষয়টি খর্ব করা হয়েছে বলে আমি মনে করি।” সপ্তাহখানেক আগে বাংলাদেশের আদালত এক নির্দেশে এ হত্যাকাণ্ডের বিষয়ে অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ না করার নির্দেশ দেওয়া হয়। সাগরের সাবেক সহকর্মী সুপ্রিয় বন্দোপাধ্যায় বলেন, “এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। একদিনের জন্য হলেও বাংলাদেশে সাংবাদিকদের কলম বিরতি পালন করা উচিত।” “আমরা এর প্রতিবাদ করতে চাই। আমাদের এই কর্মসূচিতে বাঙালি, জার্মান, মার্কিন বিভিন্ন দেশের লোকজন এসেছে। আমাদের দাবি টালবাহানা বন্ধ করতে হবে,” বলেন তিনি। বন বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মাযহারুল ইসলাম বলেন, “জাতিসংঘ যেন এ তদন্তে বাংলাদেশ সরকারকে সহায়তা করেন, এটাই আমাদের আবেদন। আমরা জাতিসংঘর মাধ্যমে সারাবিশ্বকে এ বর্বরোচিত হত্যাকাণ্ড সম্পর্কে জানাতে চাই।” মানববন্ধনে অংশ নেওয়া সবার সাক্ষর সম্বলিত চিঠি জাতিসংঘের বন কার্যালয়ের নিরাপত্তা কর্মকর্মা ডুকো জুকানভিক গ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৬৫১ ঘ.