২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সীমান্তে বেড়ার জন্য দিল্লিতে তদ্বির ত্রিপুরার

সীমান্তের শূন্যরেখায় (জিরো-লাইন) কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের প্রস্তাব বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 10:37 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

আগরতলা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তের শূন্যরেখায় (জিরো-লাইন) কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতের প্রস্তাব বাংলাদেশ প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। তবে উত্তর-পূর্বাঞ্চলীল রাজ্য ত্রিপুরার কিছু স্থানে শূন্যরেখায় বেড়া নির্মাণে বাংলাদেশ রাজি হতে পারে বলে তিনি সোমবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “কিছু স্থানে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া বসানোতে সবুজ সঙ্কেত দিয়েছে বাংলাদেশ সরকার। কিন্তু সীমানার অন্যান্য স্থানে তা করা যাবে না।” মানিক সরকার জানান, ত্রিপুরার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, রাস্তা, বিপণি বিতান এবং বাসস্থান সীমান্তের ১৫০ গজের মধ্যে পড়েছে। এমনকি আগরতলা বিমানবন্দরসহ কিছু মন্দির ও সরকারি সম্পত্তিও এর মধ্যে রয়েছে। তিনি বলেন, “ত্রিপুরার সীমান্তের কোন কোন স্থানে শূন্যরেখায় বেড়া দিতে হবে তার একটা তালিকা কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে অনুরোধ করতে বলা হয়েছে।” আন্তর্জাতিক আইন ও ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া বসানো যাবে। বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমানার ৭১৯ কিলোমিটার এলাকায় এরইমধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। জঙ্গি ও অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ ঠেকাতে ভারত বাংলাদেশের সঙ্গে চার হাজার ৯৫ কিলোমিটার সীমানার পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও মিরোরামের কাঁটাতারের বেড়া ও ফ্লাড লাইট বসাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/এমআই/১৬৩৩ ঘ.