সাভার, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচির প্রস্তুতি সভার মঞ্চ ভাংচুরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
এরপর বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের একটি গাড়ি ভাংচুর ও তাতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির ১০ কর্মীকে গ্রেপ্তার করেছে।
সোমবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া পূর্বহাটি এলাকায় এ ঘটনা বিএনপির তিনশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
তবে পুলিশ বিএনপির সভামঞ্চ ভাংচুরের অভিযোগ অস্বীকার করেছে।
গ্রেপ্তাররা হলেন আলীম, ওয়াসিম, আলমাস, আলী আকবর, নুর মোহম্মদ, মজিবুর, মোখলেছুর রহমান, ফারুক হোসেন, আব্দুর রহমান ও কামরুল হাসান জনি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতাকর্মীরা জানান, ১২ মার্চ ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকা চলো প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বিকাল ৩টার দিকে তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ও সাভার উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দিন সরকারের পূর্বহাটি এলাকায় বাড়ির সামনে সভা হওয়ার কথা ছিল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান।
অনুষ্ঠান শুরুর পূর্বমুহূর্তে সাভার থানা পুলিশ এসে সভামঞ্চ ভাংচুর করে। এ সময় বিএনপিকর্মীরা পুলিশের একটি মাইক্রোবাসের প্লাস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
পরে বিকাল ৫টার দিকে জামাল উদ্দিন সরকারের বাড়ির উঠোনে সভা অনুষ্ঠিত হয়।
তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজ বলেন, “আমরা শান্তিপূর্ণ সভার আয়োজন করেছিলাম। সাদা পোশাকে সাভার থানা পুলিশ আমাদের মঞ্চ ভাংচুর করেছে। এরপর আমাদের কর্মীদের গ্রেপ্তার করেছে।”
তবে তাদের কর্মীর পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগ করেনি বলে তিনি দাবি করেন।
সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কায়সার মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিাফোর ডটকমকে বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাংচুর এবং তাতে অগ্নিসংযোগ করেছে।
তাৎক্ষণিক আগুন না নেভালে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হতো বলে তিনি দাবি করেন।
ঘটনাস্থল থেকে ১০ জন বিএনপি কর্মীকে গ্রেপ্তারের কথা স্বীকার করেছেন তিনি।
এএসআই কায়সার মাতুব্বর আরো বলেন, পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনায় সাভার উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দিন সরকারকে প্রধান আসামি করে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
তবে এ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে আসামি করা হয়েছে কিনা তা জানা যায়নি।
এ ঘটনার পর অনুষ্ঠিত সভায় আমানউল্লাহ আমান বলেন, পুলিশ দিয়ে কর্মীদের গ্রেপ্তার, হয়রানি করে তাদের পথরোধ করা যাবে না। ১২ মার্চের কর্মসূচি সফল হবেই।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, সোমবার সন্ধ্যায় মানিকছড়ি হাসপাতাল এলাকায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের ছয়জন আহত হয়েছে।
হামলায় আহত উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর হোসেনকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মানিকছড়ি থানার ওসি কেশব চত্র“বর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রদলকর্মীরা মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ার সময় ছাত্রলীগের কর্মীদের সঙ্গে কিছুক্ষণের জন্য উত্তেজনা দেখা দেয়।
এ ব্যাপারে ছাত্রলীগ কিংবা ছাত্রদলের কোনো নেতাকর্মীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এমএইচপি/ডিডি/২২৪৭ ঘ.
bdnews24