ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
‘ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য লজ অফ দ্য সি’র রায় দেওয়ার এক সপ্তাহ আগে সোমবার সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা আমাদের দাবির পক্ষে যেভাবে তথ্য-উপাত্ত ও নজির উপস্থাপন করেছি, তাতে রায় আমাদের পক্ষে আসবে বলে আশা করছি।”
সাগরে গ্যাস অনুসন্ধান করতে গিয়ে অর্থনৈতিক সমুদ্র সীমা নিয়ে প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের বিরোধ দেখা দেয়।
সমুদ্রসীমা নির্ধারণে বাংলাদেশ ন্যায্যতাভিত্তিক পদ্ধতি অনুসরণের পক্ষে হলেও মিয়ানমার এই ক্ষেত্রে সমদূরত্ব পদ্ধতি অনুসরণের পক্ষপাতি।
সমদূরত্ব পদ্ধতি অনুসরণ করে সমুদ্রসীমা নির্ধারণ হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, যদিও এই বঙ্গোপসাগরের মহীসোপান গঠনে বাংলাদেশের ভূমির অবদানই বেশি।
মিয়ানমারের সঙ্গে বিরোধ নিয়ে বাংলাদেশ এক পর্যায়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যায়। শুনানি শেষে আগামী ১৪ মার্চ এর রায় হওয়ার কথা।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সম্পাদকদের সঙ্গে ওই সভায় পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মিয়ানমারের পর ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধের অবসান ২০১৪ সালের মধ্যে হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ শুধু সমুদ্রসীমার অধিকার রক্ষায়ই তৎপর নয়, সাগরের সম্পদ আহরণেও সক্রিয়।
সমুদ্রসীমার ওপর অধিকার প্রতিষ্ঠিত হলে বিশাল সাগরের সম্পদ আহরণে সরকার আরো বেশি মনোযোগী হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআইকে/এমআই/২২৩৩ ঘ.
bdnews24