সিলেট, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দেওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশ বেআইনি বলে দাবি করেছেন তিনি।
সোমবার দুপুরে আইনজীবী ও বিএনপির শতাধিক নেতাকর্মী নিয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি ইলিয়াস আলী দুদক কার্যালয়ে যান।
সিলেটে চারদলীয় জোটের রোড মার্চ ও জনসভায় এক কোটি ২০ লাখ টাকা ‘চাঁদা আদায়’ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করেছে দুদক।
গত বৃহস্পতিবার এ অভিযোগে পাঠানো এক নোটিশের জবাব দিতে ইলিয়াসকে রোববার সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়। কিন্তু রোববার সকালে তিনি নিজে হাজির না হয়ে আইনজীবী পাঠিয়ে সময় চান।
সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে ইলিয়াস আলী বলেন, আইন বহির্ভূতভাবে তার প্রতি এ নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ সম্পূর্ণ বেআইনি।
তখন দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার এনামুল বাছির বলেন, “তদন্তে প্রমাণ হবে নোটিশটি আইনসম্মত।”
তবে দুর্নীতির নোটিশের বিষয়ে ইলিয়াস আলী কোনো বক্তব্য দেননি। দুদক কর্মকর্তারাও কোনো প্রশ্ন করেননি।
দুদুক কার্যালয় থেকে বের হয়ে ইলিয়াস আলী সাংবাদিকদের বলেন, “দুদুক কর্মকর্তারা আওয়ামী লীগের কর্মী হিসেবে ব্যবহৃত হচ্ছেন।”
তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের সভা সমাবেশ কিভাবে হয় না হয় এ ব্যপারে দুদকের জিজ্ঞাসা করার এখতিয়ার নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯২৬ ঘ.
bdnews24