ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ৪ হাজার ৭২০টি বস্তিতে প্রায় ৪০ লাখ মানুষ থাকেন বলে সংসদে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
ঢাকা-৪ আসনে সরকারদলীয় সংসদ সদস্য সানজিদা খানমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সোমবার এতথ্য জানান।
বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সরকারে পদক্ষেপ তুলে ধরে আশরাফ বলেন, ইউএনডিপি এবং এলজিইডির সহযোগিতায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন বিভাগের মাধ্যমে ‘নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র হ্্রাসকরণ প্রকল্প’ পরিচালিত হচ্ছে।
ঢাকার গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত হকারমুক্ত রাখতে প্রতিদিন উচ্ছেদ অভিযান চলছে বলেও আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান।
চট্টগ্রাম-১০ আসনে সরকারদলীয় সংসদ সদস্য এম আবদুল লতিফের ওই প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, অফিস পাড়ার ফুটপাতে যাতে সবজি বাজার না বসে সে লক্ষ্যে বিভিন্ন স্থানে সাপ্তাহিক হাট-বাজার ও সমবায় বাজার স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের এক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কাজ দেশের ১ হাজার ৯৩২টি ইউনিয়নের ১৭ হাজার ৩৮৮টি গ্রামে শুরু হয়েছে।
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহ আলমের এক প্রশ্নের জবাবে আশরাফ জানান, ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি প্রকল্প বাস্তবায়নাধীন।
দু’বছরের মধ্যে এই প্রকল্পটি বাস্তবায়নের আশা প্রকাশ করে তিনি জানান, এই প্রকল্প থেকে জাতীয় গ্রিডে ২০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ করার সম্ভব হবে।
আশরাফ জানান, ঢাকা মহানগরীতে প্রতিদিন ৪ হাজার টন বর্জ্য জমে। এর মধ্যে ২ হাজার ৭০০ টন সিটি কর্পোরেশনের দুটি স্যানিটারি ল্যান্ডফিল্ডে মজুত করা হয়। অবশিষ্ট ১৩০০ টনের মধ্যে ৮০০ টন পুনঃপ্রক্রিয়াজাত করে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে।
আরেক প্রশ্নের জবাবে আশরাফ বলেন, ঢাকার যানজট দূর করতে সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকার ফ্লাইওভারের নির্মাণ কাজ শতকরা ৪৭ ভাগ শেষ হয়েছে। পুরো কাজ আগামী বছরের জুনের আগেই শেষ হবে বলে আশা করা যাচ্ছে।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে সংসদ কাজে প্রধানমন্ত্রী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী জানান, ২ হাজার ৯৪টি বেসরকারি সংস্থাকে এনজিও ব্যুরো ২০০১-০২ থেকে ২০১০-১০১১ অর্থবছরে ৯ হাজার ৫৬০টি প্রকল্প অনুমোদন করে ২৪ হাজার ৪৬৯ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ২৭ টাকা ছাড় করেছে। এসব বেসরকারি সংস্থার অনুকূলে প্রতিশ্র“ত অর্থের পরিমাণ ২৮ হাজার ২০৮ কোটি ৪২ লাখ ৮৮ হাজার ২৬৫ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24