২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার হজে যাবেন ১ লাখ ২০ হাজার বাংলাদেশি

এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২০ হাজার মুসল্লি হজে যাওয়ার সুযোগ পাবেন। এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। মঙ্গলবার সচিবালয়ে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হজ ব্যবস্থাপনায় শৃংখলা ফেরায় এবং হয়রানি বন্ধ হওয়ায় প্রত্যেক বছর হজ পালনের আগ্রহী ব্যক্তির সংখ্যা বাড়ছে। সৌদি কর্তৃপক্ষ এ বছর এক লাখ ২০ হাজার বাংলাদেশিকে হজ পালনের সুযোগ দিচ্ছে।” গত বছর এক লাখ পাঁচ হাজার ৬০৮ বাংলাদেশি হজে যাওয়ার সুযোগ পেয়েছিলেন জানিয়ে তিনি দাবি করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত তিন বছরে বাংলাদেশি হাজযাত্রীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া বাড়বে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “ভাড়া বাড়বে না। এজন্য বিমান মন্ত্রণালয়ের সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের যোগাযোগ চলছে। আলোচনা করেই বিমান ভাড়া নির্ধারণ করা হবে।” অবশ্য ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস বলেন, এ বছর হজ প্যাকেজে ডলারের হিসেবে ব্যয় হয়তো বাড়বে না, তবে ডলারের দাম বাড়ায় টাকার হিসাবে জনপ্রতি খরচ কিছুটা বাড়তে পারে। গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিু হজ প্যাকেজ ছিল দুই লাখ ৬০ হাজার টাকা। প্রতিমন্ত্রী জানান, গত বছর হজে গিয়ে ৭৫৮ জন আর ফিরে আসেননি। যে দশ এজেন্সির মাধ্যমে তারা সৌদি আরবে গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/জেকে/১৫৪৫ ঘ.