সাতক্ষীরা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলের ঢাকা চলো কর্মসূচির বিপুল পরিমাণ পোস্টারসহ সাতক্ষীরা জামায়াত ইসলামীর এক নেতা ও ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ।
এরা হলেন- শহরের এক নম্বর ওয়ার্ডের জামায়াতের আমীর আবুল কালাম আজাদ (৫২) এবং শিবিরকর্মী ও খুলনা বিএল কলেজের ইতিহাস বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মামুন (২৩)। রোববার মধ্যরাতে শহরের খুলনা রোডের মোড় থেকে তাদের আটক করা হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি (পরিদর্শক) আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনা থেকে বিপুল পরিমাণ ‘সরকার বিরোধী’ পোস্টার আসছে এমন খবরের ভিত্তিতে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের খুলনা রোডের মোড়ে অবস্থান নেয়। এরপর রাত সাড়ে ১১টার দিকে খুলনা থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে পোস্টারসহ নামার পর আজাদ ও মামুনকে আটক করা হয়।
সাতক্ষীরার পুলিশ সুপার হাবিবুর রহমান খান জানান, উদ্ধারকৃত পোস্টারের মধ্যে বড় আকারের ১০ হাজার ও ছোট ১৫ হাজার পোস্টার রয়েছে।
যুদ্ধাপরাধের অভিযোগে আটক জামায়াত ইসলামীর নেতাদের ছবি সম্বলিত পোস্টারে লেখা রয়েছে “দেশ পরিচালনায় ব্যর্থ আওয়ামী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার পদ্ধতি পুনঃবহাল ও কথিত যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে ঢাকার মহাসমাবেশে যোগ দিন।”
১২ মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতৃত্বে চারদলীয় জোটের মহাসমাবেশ রয়েছে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৩১ ঘ.
bdnews24