চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে বৈঠকে কোস্টার হ্যাজ শ্রমিকদের কাজে পুনর্বহালসহ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে।
রোববার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে কর্মক্ষম ও শারীরিকভাবে উপযুক্ত শ্রমিক ঠিক করে তালিকা তৈরি, চেম্বার প্রতিনিধি ও চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতির প্রতিনিধি নিয়ে যাচাই-বাছাই কমিটি গঠন, শ্রমিকদের সুষ্ঠু তত্ত্বাবধানের জন্য যুগোপযোগী পদক্ষেপ নেওয়া।
এ ছাড়া এসব কাজ করতে জনপ্রতিনিধি, চেম্বার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে সমন্বয়ে টেকনিক্যাল কমিটিও গঠন করা হয় ওই বৈঠকে।
কমিটি এ মাসের মধ্যেই তাদের প্রতিবেদন তৈরি করে তা যথাযথ বাস্তবায়নের জন্য তাদের পরবর্তী সভায় প্রতিবেদন দেবে।
কোস্টার হ্যাজ শ্রমিকরা বন্দরের বহির্নোঙ্গরে অবস্থিত বড় জাহাজ থেকে ছোট জাহাজের (লাইটারেজ) হ্যাজে মালামাল ওঠা-নামার কাজ করে। তাদের নিয়োগ হয় বেসরকারি শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে। তবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কোস্টার হ্যাজ শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়।
নির্বাচিত সরকার আসার পর থেকেই কোস্টার হ্যাজ শ্রমিকরা তাদের কাজে পুনর্বহালের জন্য আন্দোলন চালিয়ে আসছে।
কোস্টারহ্যাজ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে তাদের প্রায় সাত হাজারের মতো শ্রমিক রয়েছে।
চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি নুরুন নেওয়াজ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২২১০ ঘ.
bdnews24