২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামবাসীর সংঘর্ষের জেরে ভস্মীভূত ২০ দোকান

ফুটবল খেলা নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল ও বড়রিয়া গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 03:23 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

মাগুরা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে মাগুরার মহম্মদপুর উপজেলার ধোয়াইল ও বড়রিয়া গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টায় শুরু হয়ে সংঘর্ষ চলে রাত ৮টা পর্যন্ত। এরপর একটি পক্ষের দেওয়া আগুনে স্থানীয় ধোয়াইল বাজারের ২০টি দোকান পুড়ে গেছে। পরে অগ্নিনির্বাপণ দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে পুলিশ গিয়ে ১০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। এ সময় বেশ কয়েকজন পুলিশসহ গ্রামবাসী আহত হলেও সঠিক সংখ্যা কেউ জানাতে পারেনি। আহতদের মধ্যে মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমানও রয়েছেন। মহম্মদপুর থানার এসআই ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গেলে গ্রামবাসীরা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসআই মজিবুর রহমান আহত হন। এছাড়া উপস্থিত প্রায় সব পুলিশ সদস্য ইটের আঘাতে কমবেশি আহত হয়েছেন। দু’পক্ষ বাড়িঘর এবং বাজারের দোকানপাট ভাংচুর করেছে। সংঘর্ষ চলাকালে বাবুখালী, রাজাপুর ও নহাটা এই তিন ফাঁড়ি এবং মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসআই ইকবাল আরো জানান, এরপর একটি পক্ষের দেওয়া আগুনে একটি পাটপণ্যের এবং একটি তেলের দোকানসহ ধোয়াইল বাজারের অন্তত ২০টি দোকান পুড়ে যায়। পুড়ে যাওয়া পাটপণ্য দোকানের মালিক মেহেদী হাসান পলাশ এবং তেলের দোকানের মালিক তুষার জানান, মাগুরা থেকে অগ্নিনির্বাপন দলের একটি ইউটিন গিয়ে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শী আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধোয়াইল স্কুল মাঠে আছাদুজ্জামান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে লাহুড়িয়া কালিনগঞ্জ ও মহম্মদপুর কলেজ পাড়া স্পোর্টস একাদশের মধ্যে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরই ধোয়াইল ও বড়রিয়া গ্রামের দর্শকদের কথাকাটাকাটি থেকে সংঘর্ষ বেধে যায়। দু’পক্ষ ইটপাটকেল, লাঠিসোটা, ঢাল-সড়কি ও ধারালো অস্ত্র ব্যবহার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১১৯ ঘ.