২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি গবেষণা কাউন্সিল বিল পাস

কৃষি বিষয়ক বিজ্ঞানের গবেষণা, পরিকল্পনা পরিচালনা, সমন্বয় ও পরিবীক্ষণ এবং মূল্যায়নের লক্ষ্যে ‘বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল-২০১২’ পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 01:23 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি বিষয়ক বিজ্ঞানের গবেষণা, পরিকল্পনা পরিচালনা, সমন্বয় ও পরিবীক্ষণ এবং মূল্যায়নের লক্ষ্যে ‘বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিল-২০১২’ পাস হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে রোববার বিলটি পাসের জন্য উত্থাপন করলে এটি কণ্ঠভোটে পাস হয়। মতিয়া চৌধুরী গত ৬ জুলাই বিলটি সংসদে উত্থাপন করলে তখন এটি পরীক্ষা-নিরীক্ষা করতে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল। নতুন এই আইনে, কাউন্সিলকে কৃষি গবেষণা খাতে বিদেশি সহায়তার ব্যবহার সম্পর্কে সরকারকে পরামর্শ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া কৃষি বিষয়ক আরো ২২টি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাবে কৃষি গবেষণা কাউন্সিল। এই আইনের বলে ৩০ সদস্যের কাউন্সিলের ৩০ সদস্যের গভর্নির বডি থাকবে, এতে কৃষিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী, পরিবেশ ও বনমন্ত্রী, স্পিকার মনোনীত দুই সংসদ সদস্য, তিন সচিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সদস্য থাকবেন। আইনের চার নম্বর দফায় কাউন্সিলের প্রধান কার্যালয় ঢাকায় এবং সরকারের অনুমোদনক্রমে প্রয়োজনে বাংলাদেশের যে কোনো স্থানে শাখা কার্যালয় স্থাপনের সুযোগ পেয়েছে কাউন্সিল। এই আইনের আওতায় কৃষি খাতের অধীন শস্য, পশুসম্পদ, মৎস্য ও বন বিষয়ক উপখাতের সঙ্গে সংশ্লিষ্ট ১০টি জাতীয় গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে নিয়ে জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (এনএআরএস) পুনর্গঠিত হবে। দেশের বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যুগোপযোগী করার লক্ষ্যেই এই আইন প্রণয়ন বলে বিলের উদ্দেশ্য অংশে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯২০ ঘ.