ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদর থানায় হাতকড়া পড়িয়ে ঝুলিয়ে দুই আসামিকে নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনে রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
চার সপ্তাহের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে হবে।
পাশাপাশি এ ঘটনায় মাগুরা সদর থানার ওসি ও ‘নির্যাতনকারী’ উপপরিদর্শককে (এসআই) আগামী ১২ মার্চ আদালতে সশরীরে হাজির থাকতে বলেছে আদালত। সেদিন আদালতে ওই ঘটনায় তাদের ভূমিকার ব্যাখ্যা দিতে হবে।
শুক্রবার দৈনিক সকালের খবরে ‘দুই সন্দেহভাজনকে থানায় ঝুলিয়ে নির্যাতন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সকালে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আবেদনটি দায়ের করে।
হেফাজতে নাগরিকের নির্যাতন বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক (খুলনা), মাগুরার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর থানার ওসি, উপপরিদর্শক নুরুজ্জামানকে ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
সকালের খবরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “মাগুরা সদর থানার এসআই নুরুজ্জামানের বিরুদ্ধে কলেজছাত্র হাবিব হোসেন ও তার বন্ধু ম্যারাডোনাকে হাতকড়া পড়িয়ে ঝুলিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৯ ফেব্রুয়ারি) রাতে হাবিব ও ম্যারাডোনাকে একটি অপহরণ মামলায় পুলিশ তাদের গ্রামের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।”
বর্তমানে তারা কারাগারে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৯১৭ ঘ.
bdnews24