২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার প্রথম নারী পুলিশ সমাবেশ ঢাকায়

এশিয়া অঞ্চলের প্রথম নারী পুলিশ সমাবেশ চলতি মার্চে হতে যাচ্ছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়া অঞ্চলের প্রথম নারী পুলিশ সমাবেশ চলতি মার্চে হতে যাচ্ছে বাংলাদেশ। রাজধানীর রূপসী বাংলা হোটেলে আগামী ৭ মার্চ শুরু হতে যাওয়া দুদিনব্যাপী এ সমাবেশের স্লোগান ‘লিডারশিপ ফর পুলিশ উওম্যান-এশিয়া’। সমাবেশে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে আন্তর্জাতিক নারী পুলিশের ২৫ জন বোর্ড অব ডিরেক্টরসহ মোট ৪৭ জন নারী পুলিশ সদস্য অংশ নেবেন। রোববার সকাল ১২টায় মিন্টু রোডে পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস বলেন, ৫৫টি দেশের পুলিশ সদস্য নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব উওম্যান পুলিশ (আইএডব্লিউপি) গঠিত। ১৮টি অঞ্চলে বিভক্ত এ সংস্থার ১৫তম অঞ্চলের সদস্য বাংলাদেশ। এ অঞ্চলের অন্য সদস্য দেশগুলো হলো- চীন, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, শ্রীলংকা ও তাইওয়ান। সমাবেশে বিভিন্ন দেশের নেতৃস্থানীয় নারী পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ দেশের পুলিশ ব্যবস্থাপনা, নারী পুলিশের অবস্থান, নেতৃত্ব তৈরি, পেশাদারিত্ব ও মান উন্নয়ন, সর্বোপরি বিভিন্ন পদে কর্মরত ‘আলোকিত’ নারী পুলিশ সদস্যদের সঙ্গে মত বিনিময় করে একটি নারী পুলিশদের জন্য একটি বৈশ্বিক কৌশল গঠনের লক্ষে কাজ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮১৫ ঘ.