ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘তুচ্ছ’ ঘটনায় জের ধরে সংঘর্ষে জড়ানো রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও সাউথ-ইস্ট ইউনিভার্সিটির দুই হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শনিবার রাতে মামলাটি করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান গুলশান থানার ওসি রফিকুল ইসলাম মিয়া। মামলার বাদি একই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুকুল মিয়া।
মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি জানিয়ে ওসি বলেন, মামলায় গাড়ি, আশপাশের দোকান ভাংচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
শনিবার বিকালে রাজধানীর বনানীতে এ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের সময় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়। দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও কামাল আতাতুর্ক এভিনিউয়ে বেশ কয়েকটি ভবন ও গাড়ি ভাঙচুর করে ছাত্ররা।
সংঘর্ষের পর প্রাইম এশিয়া ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য এবং সাউথ-ইস্ট ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম দুই দিনের জন্য বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬০৫ ঘ.
bdnews24