জয়পুরহাট, মার্চ ০৩ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত থেকে ছয় কিশোরকে উদ্ধার করেছে র্যাব।
এ সময় পাচারকারী সন্দেহে এক ভারতীয় মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে সীমান্তের ২৮৩ নম্বর পিলার এলাকায় এ অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার সাকিব সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ বেতনে চাকরির প্রলোভন দিয়ে পাচারের উদ্দেশ্যে এসব শিশুদের সীমান্তে আনা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন পাঁচবিবির বড়মানিক গ্রামের শুকুরী রানী (৫০), দিনাজপুরের ঘোরাঘাট উপজেলার গোপালপুর গ্রামের সাইদুল ইসলাম এবং ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুপাড়া গ্রামের আনোয়ারা বেগম।
উদ্ধার কিশোররা হল ঘোড়াঘাটের চৌধুরী গোপালপুর গ্রামের মুনিরুল ইসলাম (১৪), মইনুল হোসেন (১৪), আশিকুর রহমান (১৩), মেহেদি হাসান (১৫), লিটন মিয়া (১৫) ও নবিরুল ইসলাম (১৪)।
র্যাব কর্মকর্তা আরো বলেন, উদ্ধার কিশোরদের অভিভাবকের কাছে ফেরত দেওয়ার প্রস্তুতি চলছে। আসামিদের থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হবে।
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১১ ঘ.
bdnews24