চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম রেল স্টেশনের এক বুকিং ক্লার্ক ও দুই নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ঘটনায় চট্টগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার নাজিমুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার সকালে রেল স্টেশনে টিকিট কিনতে গিয়ে বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান ফেরদৌস অবৈধভাবে কালোবাজারে টিকিট বিক্রির সময় দুই জনকে হাতেনাতে ধরে রেল কর্মকর্তাদের কাছে সোপর্দ করেন।
সাময়িক বরখাস্ত হওয়া তিন জন হলেন- চট্টগ্রাম রেল স্টেশনের ৭ নম্বর কাউন্টারের বুকিং ক্লার্ক কামরুজ্জামান মনির, রেলওয়ের নিরাপত্তা বিভাগের হাবিলদার মেজবাহ ও নিরাপত্তাকর্মী লাল্টু।
হাসান ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে ঢাকাগামী তূর্ণা নিশিথা অথবা গোধুলি ট্রেনের একটি টিকিটের জন্য তিনি ৭ নম্বর কাউন্টারে লাইনে দাঁড়ান। বুকিং ক্লার্ক কামরুজ্জামান মনির তাকে টিকিট নাই বলে জানালেও তার পেছনে লাইনে দাঁড়ানো হাবিলদার মেজবাহ একই কাউন্টার থেকে পাঁচটি টিকিট পান।
“পরে কালোবাজারে জেবাহর কাছ থেকে টিকিট কেনার নাম করে তাকেসহ নিররাপত্তাকর্মী লাল্টুকে হাতেনাতে টিকিটসহ আটক করে রেল কর্মকর্তাদের কাছে সোপর্দ করি”, বলেন হাসান।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালোবাজারির অভিযোগে তিন জনকে সাময়িক বরখাস্ত এবং স্টেশন মাস্টারকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি তদন্ত করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউসুফ।
তবে রেলওয়ে পূর্বাঞ্চলের জনসংযোগ কর্মকর্তা রাশিদা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেলের টিকিট বিক্রির ক্ষেত্রে অনিয়ম হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৬১৬ ঘ.
bdnews24