চাঁদপুর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাজের ধাক্কায় চাঁদপুরে মেঘনা নদীতে ক্লিংকার বোঝাই আরেকটি কার্গো জাহাজ ডুবে গেছে।
শুক্রবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় এ দুর্ঘটনায় ‘এমভি মসিউর সামিয়া’ ডুবে যায়।
তবে দুর্ঘটনার শিকার এই জাহাজের ১২ জন নাবিক-কর্মচারী অক্ষত আছেন।
জাহাজের মাস্টার তোয়ায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১৩শ’ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছিল জাহাজটি। পথে বিপরীতমুখী সেভেন স্টার নামে একটি খালি কার্গো জাহাজ সজোরে ধাক্কা দিলে সামনের অংশের তলা ফেটে মালামালসহ মসিউর সামিয়া ডুবে যায়।
মতলব উত্তর থানার ওসি রুস্তম আলী সিকদার বলেন, পুলিশ সেভেন স্টার নামে জাহাজটি আটক করেছে। এ জাহাজের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.
bdnews24