বাগেরহাট, মার্চ ০২ (বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরের জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রথম শ্রেণির এক ছাত্রকে প্রহারের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।
তবে ওই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন।
কথিত প্রহারের শিকার সৈয়দ জারিফ আরশাদ (৪) একই বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা দিলরুবা বেগমের দত্তক পুত্র।
এদিকে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে বাগেরহাট মহিলা পরিষদ।
শিক্ষা প্রতিষ্ঠানে প্রহারের বিরুদ্ধে শাস্তির বিধান রেখে গত বছর দেশে একটি আইন হয়েছে।
শিশুটির বাবা সৈয়দ মাসুক মাওলা সাংবাদিকদের বলেন, গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা আব্দুল খালেক শ্রেণিকক্ষে পাঠদানকালে নড়াচড়া করার অভিযোগে জারিফের চুল টানেন, কপাল ও মুখে চড় মারেন এবং বাবা-মা সম্পর্কে অশালীন উক্তি করেন। তার হাতের আঙুলে থাকা আংটির আঘাতে জারিফের মুখ ও কপালে দাগ হয়ে যায়।
এরপর জারিফকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এই ঘটনায় তিনি ২৭ ফেব্রুয়ারি বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এখন তার ছেলে বিদ্যালয়ে যেতেই চায় না বলে জানান তিনি।
জারিফের বাবা আরো বলেন, তার স্ত্রী দিলরুবা বেগম একই স্কুলের জেষ্ঠ্য শিক্ষিকা। জন্মের কিছুদিন পর তারা জারিফকে দত্তক নিয়ে প্রতিপালন করছেন।
বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, মাওলানা আব্দুল খালেক ছাড়া, জারিফকে খুব আদর করেন।
“আব্দুল খালেক বিভিন্ন সময় শিশুটিকে ডেকে বলতেন, আমরা তার বাবা-মা না। তাকে কুড়িয়ে এনে পালন করছি।”
এদিকে দুপুরে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার ঘটনাটিকে শিশু নির্যাতন বলে অভিহিত করে ওই শিক্ষকের কঠোর শাস্তি দাবি করেন।
সংবাদ সম্মেলনে সমিতির সভানেত্রী ফরিদা রহমান, সহ-সম্পাদক পারভীন আহমেদ, আন্দোলন সম্পাদিকা রেহানা আক্তার রিনু প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তারা একই দাবিতে বাগেরহাট প্রেসক্লাবের সামনে শহীদ মিনার সড়কে মানব বন্ধন করেন।
এসব অভিযোগ অস্বীকার করে জাহানাবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের ধর্ম শিক্ষক মাওলানা আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জারিফসহ তিনটি বাচ্চা শ্রেণিকক্ষে আসন থেকে উঠে জড়াজড়ি করছিল। আমি তাদের ধমক দিয়ে হাত চেপে ধরে নিয়ে আসনে বসাই। ব্যক্তিগতভাবে জারিফকে আমি দিলরুবা ম্যাডামের ছেলে বলে চিনতাম না। আমি তার জন্ম পরিচয় নিয়ে কখনও কোনো কটু কথা বলিনি।”
বাগেরহাট মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রাণতোষ রায় বলেন, এই ঘটনায় থানার একটি সাধারণ ডায়েরির সূত্র ধরে তিনি গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাটির শান্তিপূর্ণ সমাধানের জন্য কয়েকদিন সময় চেয়ে এখনই আইনগত কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করেছেন, বলেন পুলিম কর্মকর্তা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন, “চার বছরের কোনো শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তি করার নিয়ম নেই। সহকর্মীর সন্তান হিসেবে মানবিক কারণে আমরা জারিফকে ভর্তি করেছিলাম। ঘটনার দিন আমি বিদ্যালয়ে ছিলাম না। সহকর্মীদের সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
বিডিনিউজি টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24