২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজারুল আইসিইউতে

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন পররাষ্ট্র সচিবের বিষয়ে সর্বশেষ তথ্য জানিয়েছেন সে দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুরুতর অসুস্থ পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান শুক্রবার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি আইসিইউতে রয়েছেন। ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।” পররাষ্ট্র সচিব শ্বাসকষ্টে ভুগছেন। পাশাপাশি তার রক্তেও সংক্রমণ দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হয়। রাষ্ট্রদূত জানান, স্যালাইনের মাধ্যমে মিজারুল কায়েসকে ওষুধ দেওয়া হচ্ছে। অসুস্থ অবস্থায় কয়েকদিন আগে বঙ্গবন্ধু শেথ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন পররাষ্ট্র সচিব। বুধবার তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সিএমএইচে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছিল। সিএমএইচের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মেহবুবুল হক বৃহস্পতিবার সিঙ্গাপুরে নেওয়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্পূর্ণ নিরাপদ থাকা নিশ্চিত করতে আমরা তাকে লাইফসাপোর্টে রেখেছি।” সচিবের সঙ্গে তার স্ত্রীসহ আরো এক স্বজন সিঙ্গাপুরে গেছেন। মিজারুল ২০০৯ সালের ৮ অগাস্ট পররাষ্ট্র সচিব হিসেবে যোগ দেন। এর আগে রাশিয়া ও মালদ্বীপে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/২১০৪ ঘ.