শামীম আহমেদ
বার্সেলোনা থেকে
বার্সেলোনা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ায় বিনিয়োগ, স্বল্পমূল্যের প্রযুক্তি ও তারবিহীন ইন্টারনেট সেবার গুণগত মান বৃদ্ধি গুরুত্ব পেয়েছে সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস-২০১২।
মোবাইল ফোনের মাধ্যমে মানুষের জীবনমান আরো উন্নত এবং ভবিষ্যত অর্থনীতির ইতিবাচক পরিবর্তনের আশাবাদও ব্যক্ত হয় সম্মেলনে।
মোবাইল স্বাস্থ্য, মোবাইল শিক্ষা এবং মোবাইল কৃষি সেক্টরে অ্যাপ্লিকেশন তৈরি করায় গুরুত্ব দেওয়া হয় এ কংগ্রেসে। অপারেটর ও সরকারের নানা সমস্যার দিকও উঠে আসে এ সম্মেলনে।
মোবাইল সম্মেলন অংশ নেয় বিশ্বের প্রায় ১৩০টি দেশের কয়েক হাজার প্রযুক্তিবিদ, অপারেটর ও সরকারি প্রতিনিধি।
তরঙ্গের সুরভ মূল্য
কংগ্রেসের বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে সুপারিশ আসে এশিয়ায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের নিশ্চয়তা, কমদামে প্রযুক্তি লাইসেন্স ও অপারেটরদের তারবিহীন ইন্টারনেট সেবার গুণগত মান বৃদ্ধির।
এক সেমিনারে টেলেনরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিন স্কোজেন লোন্ড বলেন, মোবাইল পেমেন্ট সার্ভিসের মাধ্যমে এশিয়ার মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করা সম্ভব। মোবাইল ফোন অর্থ সেবা দিয়ে আগামী অর্থবছরে এশিয়া থেকে ১০ শতাংশ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অপারেটর টেলিনর।
বিভিন্ন সেমিনারে অপারেটর ও প্রযুক্তিবিদরা বলেন, অপারেটরদের কাছে সুলভ মূল্যে তরঙ্গ বিক্রি করলে দীর্ঘ সময়ে সরকার অনেক বেশি রাজস্ব আয় করতে পারবে। তরঙ্গের দাম কম হলে অপারেটররা গ্রাহকদের কাছে তাদের সেবা দ্রুত পৌঁছে দিতে পারবে। আর গ্রাহক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।
এক সেমিনারে স্মার্টফোন ও ট্যাবলেট পিসির জন্য অপারেটরদের অ্যাপ্লিকেশনভিত্তিক সেবা বাড়ানোয় গুরুত্ব দেন ইউরোপিয়ান কমিশন রেডিও স্পেক্ট্রাম পলিসি গ্র“পের চেয়ারম্যান রবার্টো ভিওলা, নাইজেরিয়ার টেলিযোগাযোগমন্ত্রী ওমবোলা জনসন, কলাম্বিয়ার তথ্য ও যোগাযোগমন্ত্রী ডিয়েগো মোলোনা ভেগা।
বাংলাদেশ-ভারতও আলোচনায়
বিভিন্ন দেশের টেলিযোগাযোগ নীতিমালা ও আইন নিয়ে এসময় আরও আলোচনা করেন বিভিন্ন প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ও সরকারের প্রতিনিধিরা।
বাংলাদেশে দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) ও অপারেটরদের আইনি লড়াই এবং ভারতে ১২২টি টুজি লাইসেন্স বাতিলের বিষয়টি আলোচনায় আসে।
এক প্রতিনিধি সম্মেলন শেষে ভারতী এয়ারটেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সুনীল মিত্তাল সাংবাদিকদের বলেন, ইউরোপীয় অপারেটরদের তুলনায় ভারতে তরঙ্গ মূল্য অনেক বেশি দিতে হয়।
তিনি বলেন, আফ্রিকায় সরকার ও অপারেটরদের ভাল সমঝোতার ফলে সেখানে টেলিযোগাযোগ খাত দ্রুত উন্নতি করছে।
ইনফোকম ডেভেলপমেন্ট অথরিটির (সিঙ্গাপুর) প্রধান নির্বাহী কর্মকর্তা রোনি টাই বলেন, স্পেক্ট্রাম বিক্রির আগে হিসাব করতে হবে দীর্ঘমেয়াদে তা থেকে কতটুকু রাজস্ব আয়ের সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩০০ ঘ.
bdnews24