ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে ময়মনসিংহের এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মো. আবু তালেব গফরগাঁওয়ের চাইরবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ।
বৃহস্পতিবার হাই কোর্টের একটি স্বতপ্রণোদিত রুলের শুনানি করে বের হওয়ার পর গফরগাঁও থানার ওসি ওমর ফারুক তাকে গ্রেপ্তার করে নিয়ে যান।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ শুনানি হয়।
ওসি নিজেও আদালতের তলবে হাজির হয়েছিলেন। হাজির হওয়া অন্য দুইজন হলেন- গফরগাঁওয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুল হাসান লিটন এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন।
ইউএনও, ওসি ও রুহুল আমিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। আবু তালেবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।
গত ২২ ফেব্রুয়ারি এক স্বতপ্রণোদিত রুল দিয়ে আদালত বিবাদীদের তলব করেছিল।
ওই দিন ‘শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দিল জামায়াত নেতা!’ শিরোনামে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি নজরে আনলে আদালত স্বতপ্রণোদিত হয়ে রুল জারি করে।
ওই প্রতিবেদনে বলা হয়, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাইরবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবু তালেব মাদ্রাসায় নির্মিত শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দেন। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর রোকন ও সাধারণ সম্পাদক বলে জানা গেছে।”
‘জেল খাটা হলে পাকিস্তানে পাঠিয়ে দেবেন’
শুনানিতে আলতাফ বলেন, “আমরা ছোটকালে এভাবে শহীদ মিনার গড়েছি। সপ্তম শ্রেণীতে পড়া ছাত্ররা সেটা গড়েছিল।”
“ভাঙার পরে তারা কতটা আঘাত পেয়েছে! এ কাজ স্বাধীনতা ও সংবিধানের বিরুদ্ধে।”
এ সময় আদালত বলে, “এটা এক ধরণের রাষ্ট্রদ্রোহ।”
আলতাফ বলেন, “ইয়েস মাই লর্ড।”
গফরগাঁও থানার ওসি ফারুক বলেন, ঘটনাটি তিনি পত্রিকায় দেখেছেন, এর আগে শোনেননি।
“ওই শিক্ষা প্রতিষ্ঠানের নৈশ প্রহরী ও ম্যানেজিং কমিটির সভাপতি বলেছেন, প্রিন্সিপাল আবু তালেব শহীদ মিনার ভেঙেছেন।”
এ সময় আদালত বলে, “আবু তালেবকে আদালত থেকে বের হলে গ্রেপ্তার করবেন। জেল খাটা শেষ হলে তাকে পাকিস্তানে পাঠিয়ে দেবেন।”
মতিন খসরুর দৃষ্টি আকর্ষণ করে আদালত বলে, “আপনি সংসদ সদস্য। আপনারা এমন একটি আইন করেন, যাতে যাদের পাকিস্তানপ্রীতি আছে, তাদের যেন পাকিস্তান পাঠিয়ে দেওয়া যায়।”
“যারা বাংলা ভাষার বিপক্ষে, তারা স্বাধীনতারও বিপক্ষে। তাদের এদেশে থাকার দরকার নেই।”
“দারোগা দায়সারা এফআইআর করেছে। যাতে ম্যাজিস্ট্রেট কোর্টে গেলেই জামিন পেয়ে যায়। আকাশে যত তারা, পুলিশের কাছে তত ধারা। যে সব ধারায় মামলা করা হয়েছে, রাজাকারদের বাঁচাতেই তা করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৪২ ঘ.
bdnews24