ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার দাবিতে প্রতীকী অনশনের পর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিকরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেসক্লাব চত্বরে ৬ ঘণ্টা অনশনের পর সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ১৮ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের মহাসমাবেশ হবে।
এর আগে ১৫ মার্চ পর্যন্ত জেলায় জেলায় সাংবাদিকদের সমাবেশ হবে, যাতে কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনশনের পর নতুন কর্মসূচি ঘোষণা করেন ইকবাল সোবহান। ঢাকার পাশাপাশি সারাদেশে সাংবাদিকরা একই কর্মসূচি পালন করেন।
গত ২৭ ফেব্রুয়ারি এক ঘণ্টা কর্মবিরতির পর ১৯ দিনেও সাগর-রুনি হত্যাকারীদের চিহ্নিত কিংবা গ্রেপ্তারের কোনো তথ্য না পাওয়ায় প্রতীকী অনশনে বসেন সাংবাদিকরা।
সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে সাংবাদিকদের চারটি সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এই কর্মসূচির ডাকে ঐক্যবদ্ধভাবে সাংবাদিকরা কর্মসূচি পালন করেছেন।
অনশন চলাকালে কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
সাগর-রুনির হত্যাকারীরা এত দিনেও গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, “পুলিশকে বলব, আপনারা ব্যর্থ হলে বলুন, সাংবাদিকরাই এর অনুসন্ধান চালাবে।”
পাশাপাশি এই নিয়ে হাই কোর্টের নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
একটি রিট আবেদনে মঙ্গলবার হাই কোর্ট এই হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে ‘মনগড়া’ কোনো প্রতিবেদন না প্রকাশের কথা বলেছে। এ ক্ষেত্রে ব্যবস্থা নিতে তথ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে পুলিশকে কোনো বক্তব্য না দিতে বলা হয়েছে।
আদালতের নির্দেশকে ‘অনভিপ্রেত’ উল্লেখ করে বিএফইউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “এই সভা থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, হাই কোর্টের এই ধরনের নির্দেশ মানতে প্রস্তুত নই আমরা।”
অনশন কর্মসূচিতে ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুস শহীদ, অন্য অংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ সাংবাদিক নেতারাও বক্তব্য রাখেন।
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও রংপুর বিভাগ সাংবাদিক সমিতিসহ সাংবাদিকদের অন্য সংগঠনগুলোও এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।
গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।
হত্যাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো দিতে পারেনি পুলিশ। শুধু কয়েকদিন আগে বলেছে, তারা হত্যাকাণ্ডের কারণ ‘মোটামুটি’ নিশ্চিত হয়েছেন।
চট্টগ্রামে কর্মসূচি
সারাদেশের মতো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবে অনশন কর্মসূচি চলে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথভাবে কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলাকালে সাংবাদিক নেতারা সাংবাদিক দম্পতি খুনের ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেপ্তার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান।
সাংবাদিক দম্পতি হত্যার তদন্তে দীর্ঘসূত্রতার সমালোচনা করে নেতারা বলেন, পুলিশের টালবাহানা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বিকাল ৪টায় সাংবাদিকদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক ওবায়দুল হক।
অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, কবি ও সাংবাদিক আবুল মোমেন, বিএফইউজের সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সিইউজের সভাপতি শহীদুল আলম ও সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সিএমইউজের সভাপতি শামসুল হক হায়দরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ নেওয়াজ, বিএফইউজের সহকারী মহাসচিব মুস্তাফা নঈম ও আসিফ সিরাজ।
সমাবেশ থেকে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ মার্চ চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএসটি/এফএফএস/এমআই/২০১৫ ঘ.
bdnews24