২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনানুমতিতে গাছ কাটায় সাজার বিল সংসদে

সরকারের অনুমতি ছাড়া বন, সড়কের পাশে এবং উন্মুক্ত স্থানে গাছ কাটলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধানসহ একটি বিল সংসদে উত্থাপন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের অনুমতি ছাড়া বন, সড়কের পাশে এবং উন্মুক্ত স্থানে গাছ কাটলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানার বিধানসহ একটি বিল সংসদে উত্থাপন হয়েছে। দেশের জীববৈচিত্র্য, প্রতিবেশ ও পরিবেশন সংরক্ষণে সরকারি জমিতে বা শিক্ষা প্রতিষ্ঠানের গাছ সংরক্ষণ করতে ‘বৃক্ষ সংরক্ষণ বিল-২০১২’ নামের এ বিল প্রণয়ন করা হয়েছে। বুধবার সংসদের অধিবেশনে বিলটি উত্থাপন করেন পরিবেশ ও বন মন্ত্রী ড. হাসান মাহমুদ। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলের তিন ধারায় বলা হয়েছে, সরকার বনভূমি, সরকারি বনভূমি বা উন্মুক্ত স্থানের কোন গাছকে পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে বিধি দ্বারা নির্ধারিত সংরক্ষণযোগ্য গাছ হিসেবে ঘোষণা করতে পারবে। তবে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী অধ্যুষিত বন ও পাহাড়ি এলাকার গাছ সংরক্ষণযোগ্য ঘোষণার আগে ওই এলাকার প্রথাগত নেতৃত্বের (হেডম্যান, কারবারি ইত্যাদি) মতামত নেওয়ার শর্ত দেওয়া হয়েছে বিলে। বিলের চার ধারার দুই উপ-ধারায় বলা হয়েছে, সরকার যদি সংরক্ষণযোগ্য কোনো গাছ কাটার অনুমতি দেয় তবে শর্ত হিসেবে ওই প্রতি একটি গাছ কাটার বিপরীতে তিনটি গাছ লাগানোর শর্ত দিতে হবে। চার ধারার চার উপ-ধারায় বলা হয়েছে, উন্মুক্ত স্থানের কোনো গাছ শুকিয়ে গেলে বা মরে গেলে পাখি অথবা বন্যপ্রাণীর আবাস্থল হিসেবে ওই গাছটি সংরক্ষণ করতে হবে। তবে গাছটি পড়ে যাওয়ার উপক্রম হলে সরকারের অনুমতি নিয়ে সেটি সরিয়ে ফেলা যাবে। বিলের পাঁচ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি এ আইনের লঙ্ঘন করলে বা সহায়তা করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানায় দণ্ডিত হবেন। আরো বলা হয়েছে, যদি কোন সরকারি দফতর বা বিভাগের কেউ যদি এ আইন লঙ্ঘন করে তবে প্রত্যক্ষভাবে জড়িত ও ওই বিভাগের প্রধানকে দোষী হিসেবে চিহ্নিত করা হবে। এক্ষেত্রে যদি দোষী সরকারি কর্মকর্তা বা কর্মচারি প্রমাণ দিতে পারেন যে এ আইনের লঙ্ঘন তার অজ্ঞাতসারে হয়েছে এবং তিনি গাছ কাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিয়েছেন তবে তাকে দোষী করা হবে না। এর আগে হাসান মাহমুদ ‘বন (সংশোধন) বিল-২০১২’ সংসদে উত্থাপন করেন। এই বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা-নিরীক্ষাার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/পিডি/২২২০ ঘ.