পটুয়াখালী, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরির সন্দেহে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে পটুয়াখালীর গলাচিপায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী প্রবীর দেবনাথকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায় পুলিশ।
গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, নির্যাতিত গৃহকর্মী যমুনাকেও (১৩) উদ্ধার করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন থাকায় তাকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
গলাচিপা থানার ওসি মো. জিয়াউল হক জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েকদিন আগে প্রবীর দেবনাথের বাসা থেকে কিছু স্বর্ণালঙ্কার চুরি হয়। এজন্য প্রবীর গৃহকর্মী যমুনাকে সন্দেহ করে। প্রবীরের ঘনিষ্ঠ রিয়াজ নামে এক যুবক যমুনাকে নির্যাতন চালায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
যমুনার শরীরে অসংখ্য সূচ ফোটানো হয়েছে এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩২২ ঘ.
bdnews24