ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সাওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মাহাবুব-উল-আলম হানিফ।
এই সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড সম্পর্কে কোনো রকম ‘বাস্তবতা বিবর্জিত ও কাণ্ডজ্ঞানহীন’ বক্তব্য না দিতেও খালেদার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন
দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হানিফ।
খালেদা সোমবার এক সমাবেশে অভিযোগ করেন, সরকারের দুর্নীতির তথ্য থাকার কারণে সাগর-রুনিকে হত্যা করা হয়।
এ প্রসঙ্গে হানিফ বলেন, “তার (খালেদা জিয়া) কাছে এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকলে তিনি তা পুলিশকে দিয়ে সাহায্য করছেন না কেন?”
ভারতের সঙ্গে ট্রানজিট প্রসঙ্গে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, “জিয়াউর রহমানই প্রথম ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি করেছিল। তৎকালীন বাণিজ্যমন্ত্রী চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এবং ভারতের তৎকালীন বাণিজ্যমন্ত্রী প্রণব মুখার্জী সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।”
“পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছে তারাই ট্রানজিট চুক্তি নবায়ন করেছে। খালেদা জিয়ার আমলে সাইফুর রহমান ট্রানজিট চুক্তিতে স্বাক্ষর করেন।”
খালেদা সোমবারের সমাবেশে বলেন, ভারত বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্য হিস্যা না দিলে তাদের ট্রানজিট দেওয়া হবে না।
বর্তমান সরকারের মেয়াদে ট্রানজিটের আলোচনা ওঠার পর থেকে এর বিরোধিতা করে আসছে বিএনপি। এ অবস্থায় সোমবারই প্রথম ‘শর্তযুক্তভাবে’ ট্রানজিটের পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেন খালেদা।
গত সেপ্টেম্বরে মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে ভারতের সঙ্গে ট্রানজিট নিয়ে সম্মতিপত্র বিনিময় হওয়ার কথা থাকলেও তা হয়নি। ওই সফরেই তিস্তার পানিবণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১১২ ঘ.
bdnews24