মাগুরা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহরের ভায়না ভিটাসাইর এলাকায় প্রশিক্ষণরত ‘পুলিশের লক্ষভ্রষ্ট’ গুলিতে এক যুবক আহত হয়েছেন।
আহত যুবক ফিরোজ আহমেদকে পুলিশের তত্ত্বাবধানে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ফিরোজ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। মাগুরায় একটি সিগারেট কোম্পানিকে তিনি চাকরি করেন।
অবশ্য মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থল থেকে চানমারির দূরত্ব প্রায় এক হাজার মিটার। প্রশিক্ষণরত পুলিশ সদস্যরা দক্ষিণ দিকে গুলি করছিলো। অথচ ফিরোজ পশ্চিম দিকে বসে ছিলেন। গুলি বের করার পর নিশ্চিত হওয়া যাবে এটি পুলিশের অস্ত্রের গুলি কিনা।”
আহত ফিরোজ পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুরে ভিটাসাইর এলাকার ফাতেমা ফিলিং স্টেশনের সামনে ফিরোজ আহমেদ পেশাগত কাজে একটি দোকানে বসে ছিলেন। এ সময় একটি গুলি তার ডান হাতে বিদ্ধ হয়।
পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০২০ ঘ.
bdnews24