ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চাহিদার বিপরীতে সারের যেন সংকট না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার শিল্প মন্ত্রণালয় স¤পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মো. মেরাজ উদ্দিন মোল্লা, আনোয়ারুল আশরাফ খান, জাহিদ মালেক, মো. আলী আজগার এবং সুলতানা বুলবুল বৈঠকে অংশ নেন। বিশেষ আমন্ত্রণে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বৈঠকে অংশ নেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেজালবিরোধী অভিযানে অংশ নেওয়া বিএসটিআই’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হয়রানি ও মৃত্যুর হুমকি প্রদান করার বিষয়ে কমিটি হুমকিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।
বৈঠকে সারাদেশে সারের সরবরাহ, বিতরণ এবং আমদানির বাস্তব অবস্থা নিয়ে আলোচনা হয়। এতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, বর্তমানে দেশে সাত লাখ মেট্রিক টনের বেশি সার মজুদ রয়েছে এবং দেশে সারের কোনো সংকট নেই।
সার কেনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সার-সংরক্ষণে প্রয়োজনীয় গুদাম নির্মাণে বিসিআইসিকে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি।
কর্ণফুলি পেপার মিলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বর্তমানে মাগুরা পেপার মিলে একই পদে নিয়োগ পাওয়া জহুরুল হকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার সুপারিশ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৩০ ঘ.
bdnews24