চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে নিহত এক শিক্ষার্থীর বাবা।
গত ৮ ফেব্রুয়ারির সংঘর্ষে নিহত চবি শিক্ষার্থী মাসুদ বিন হাবীবের বাবা হাবিবুর রহমান মঙ্গলবার দুপুরে বলেন, “আমরা আমাদের ছেলেদের আর কোনো লাশ দেখতে চাই না। চাই না আমার সন্তান মাসুদের মতো আর কোনো সন্তান বিকৃত হয়ে পিতার কাছে ফিরে যাক।”
চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার ছেলে ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিল।
ওই সংঘর্ষে মুজাহিদুল ইসলাম নামেও এক শিক্ষার্থী নিহত হয়। পরদিন সিন্ডিকেট সভার এক সিদ্ধান্তে ২ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন।
ছেলেসহ দুই জনের হত্যায় জড়িত এবং ক্যাম্পাসে দায়িত্ব পালনে ‘অবহেলাকারী’ পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান হাবিবুর রহমান।
তিনি অভিযোগ করেন, ছেলে হত্যার ঘটনায় সোমবার হাটহাজারী থানা তার মামলা নেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউ/পিডি/১৭৪৭ ঘ.
bdnews24