বাগেরহাট, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘ হত্যা করে চামড়া, হাড় ও মাংস পাচারে জড়িত থাকার দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপরে বাগেরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক মো. জামাল হোসেন এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জামাল ফকির (৪০), খয়ের বয়াতি (৬৫), ধলু মোল্লা (৪২) ও হেমায়েত হাওলাদার (৩৫)।
এদের মধ্যে জামাল ফকির ও খয়ের বয়াতি বাগেরহাট কারাগারে এবং অপর দুই আসামি পলাতক রয়েছেন।
বাগেরহাট বন আদালতের বন মামলা পরিচালক ও বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. শহীদুল ইসলাম জানান, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগ ও কোস্টগার্ড শরণখোলা উপজেলার বাংলাবাজার গ্রাম থেকে তিনটি বাঘের চামড়া, চারটি খুলি ও ৩১ কেজি বাঘের হাড়সহ জামাল ফকিরকে গ্রেপ্তার করে। পরে খয়ের বয়াতিকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সুন্দরবন পূর্ব বিভাগের বন কর্মকর্তা কে এম কবির উদ্দিন বাদী হয়ে বাগেরহাট বন আদালতে একটি মামলা করেন।
শহীদুল ইসলাম জানান, জামাল ফকিরকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং খয়ের বয়াতিকে আড়াই বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পলাতক দুই আসামি হেমায়েত ও ধলু মোল্লাকে তিন বছরের কারাদণ্ড, পনের হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬২৯ ঘ.
bdnews24