২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্তের অভিযোগে সরকারি কর্মকর্তাকে বদলি

উত্ত্যক্ত করার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলার এক সহকারী কমিশনারকে বদলি করে তেঁতুলিয়া পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2012, 03:12 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

রংপুর, ফেব্র“য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার অভিযোগে রংপুরের পীরগাছা উপজেলার এক সহকারী কমিশনারকে বদলি করে তেঁতুলিয়া পাঠানো হয়েছে। সোমবার রাসেল মঞ্জুর নামে ওই সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অভিযুক্ত সহকারী কমিশনারকে তেঁতুলিয়া বদলি করা হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্তের জন্য রংপুর জেলা প্রশাসক বিএম এনামূল হককে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পীরগাছা মহিলা কলেজের কিছু ছাত্রী রাসেল মঞ্জুরের বাসভবন সংলগ্ন একটি আবাসিক ভবন ছাত্রীনিবাস হিসেবে ব্যবহার করে আসছিলেন। ছাত্রীরা অভিযোগ করেছেন, রাসেল প্রায়ই তাদের মোবাইল ফোনে এবং অঙ্গভঙ্গীতে অশোভন আচরণ করতো। এক পর্যায়ে তারা রাসেলের বিভিন্ন কথাবার্তা মোবাইল ফোনে ধারণ করে বিষয়টি কলেজ প্রশাসনকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই সহকারী কমিশনার ছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলের অভিযোগে বহিষ্কারের হুমকি দেন। পীরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা ওই সহকারী কমিশনারের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ করি। এর পরিপ্রেক্ষিতে রাসেলকে তাৎক্ষণিকভাবে বদলি করার আদেশ দেওয়া হয়েছে।” তবে রাসেল অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, তার বাসার সামনে ওই ছাত্রীরা প্রায়ই আপত্তিকর অবস্থায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতো। এ নিয়ে তিনি নিষেধ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২১১০ ঘ.