২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: সাংবাদিকদের কর্মবিরতি

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে সাংবাদিকরা এক ঘণ্টা প্রতীকী কর্মবিরতি করবে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 02:38 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্র“য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার এবং নির্যাতন বন্ধে সাংবাদিকরা এক ঘণ্টা প্রতীকী কর্মবিরতি করবে সোমবার। সাংবাদিকদের চারটি সংগঠন রোববার যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে, দাবি আদায়ে সারাদেশে সব সংবাদপত্র, সংবাদ সংস্থা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সোমবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি এবং স্ব স্ব কর্মস্থলে কালো ব্যাজ ধারণ করবে। এছাড়া পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে সাংবাদিকরা অনশন কর্মসূচি পালন করবে। ওইদিন কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ অনশন কর্মসূচি পালিত হবে। সংগঠনগুলো হলো- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। ১৫ দিনেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার না হওয়ায় সোমবার এ কর্মসূচি পালন করছে সাংবাদিকরা। তবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মো. মনিরুল ইসলাম রোববার জানিয়েছেন, তারা হত্যাকাণ্ডের কারণ ‘মোটামুটি’ নিশ্চিত হয়েছেন। তবে তদন্তের স্বার্থে এখনি তা ‘প্রকাশ’ করতে রাজি হননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২০৩৭ ঘ.