চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে নাদিমুজ্জামান সাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জেলার ঠিকাদাররা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
রোববার সকালে শহরে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালনকালে ঠিকাদার সমিতি অবিলম্বে হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
পাশাপাশি তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও হস্তান্তর করেন।
গত ১৭ জানুয়ারি জেলার গোমস্তাপুর উপজেলার ঠিকাদার আমিনুল ইসলামের বড় ছেলে নাদিমুজ্জামান সাদকে দুর্বৃত্তরা অপহরণ করে এক কোটি টাকা চাঁদা দাবি করে। পরদিন রাজশাহীর শিরোইল এলাকার একটি সেফটি ট্যাংক থেকে সাদের লাশ উদ্ধার করা হয়। সে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলো।
সমাবেশে অন্যদের মধ্যে জেলা ঠিকাদার সমিতির সভাপতি তৌহিদুর রহমান, সাবেক সভাপতি মসিদুল হক মাসুদ, সদস্য রফিকুল ইসলাম, নেয়ামুল হক ও আনোয়ার হোসেন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯০৯ ঘ.
bdnews24