২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগীরা হাসপাতালের সব ওষুধ পায় না: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ থাকলেও রোগীরা সব ওষুধ পায় না বলে স্বীকার করছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ থাকলেও রোগীরা সব ওষুধ পায় না বলে স্বীকার করছেন স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। এ জন্য তিনি দায়ী করেছেন হাসপাতালের স্টোর-কিপারদের। রাজধানীতে রোববার একটি সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, “আমি হাসপাতালের ব্যবস্থাপত্র নিয়ে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে দেখেছি। অথচ তাদের বিনামূল্যে হাসপাতাল থেকে ওষুধ দেওয়ার কথা। কিন্তু স্টোরকিপাররা তাদের বলে, ওষুধের সরবরাহ নেই।” স্বাস্থ্যমন্ত্রী গত বৃহস্পতিবার ও শুক্রবার কয়েকটি উপজেলা হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম দেখতে পান এবং এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। মন্ত্রী জানান, সরকারি ওষুধের প্যাকেটের রঙ লাল-সবুজ করার পর বাইরে তা কেউ বিক্রি করতে পারে না। তাই হাসপাতালের একটি চক্র বাইরের দোকানগুলোর সঙ্গে যোগসাজশ করে রোগীদের বলে, হাসপাতালের স্টোরে ওষুধ নেই। হাসপাতাল থেকে বাইরে ওষুধ পাচার হয়ে যাওয়া রোধে ২০১০ সালে সরকারি ওষুধের প্যাকেটের রঙ লাল ও সবুজ রঙের করা হয়। ডেভেলপমেন্ট অরগানাইজেশন ফর দ্য রুরাল পুওরের (ডিওআরপি) গবেষক জোবায়ের হাসান জানান, হাসপাতালের ওষুধ বাইরে বিক্রির পথ বন্ধ হয়ে যাওয়ার পর স্টোর-কিপাররা নতুন বুদ্ধি বের করেছে। তারা হাসপাতালে ওষুধের মজুদ সম্পর্কে রোগীদের জানায় না। “প্রতিটি উপজেলা হাসপাতালের পাশে অনেক ওষুধের দোকান খুঁজে পাওয়া যাবে। হাসপাতালের স্টোর-কিপাররা এই দোকানগুলোর সঙ্গে যোগাযোগ রাখে।” তিনি বলেন, স্টোর কিপারদের স্থানীয়ভাবে নিয়োগ করা হয় এবং তাদের বদলি করা যায় না। তাই কেউ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস পায় না। এ অবস্থার পরিবর্তনে হাসপাতালের স্টোরে থাকা ওষুধের তথ্য মানুষকে জানতে দেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করেন তিনি, “হাসপাতালগুলোতে বহির্বিভাগের সামনে একটি তালিকা ঝোলানো যেতে পারে। যদি মানুষ জানে হাসপাতালে কি কি ওষুধ আছে, তাদের আর ঠকানো যাবে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৭৪৭ ঘ.