২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নিখোঁজ দু’বোন বাগেরহাটে উদ্ধার

খুলনা থেকে নিখোঁজ দুই বোনকে বাগেরহাট থেকে উদ্ধার করেছে র‌্যাব। তাদের অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 10:51 AM

বাগেরহাট, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা থেকে নিখোঁজ দুই বোনকে বাগেরহাট থেকে উদ্ধার করেছে র‌্যাব। তাদের অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের রিয়াজুলের (২৮) বাড়ি থেকে তাদের উদ্ধার এবং রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকালে এ দু’বোন নিখোঁজ হয়। তাদের একজন খুলনার সরকারি করোনেশন উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণি এবং আরেকজন একই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। গ্রেপ্তার রিয়াজুল পেশায় রং মিস্ত্রি। রিয়াজুল ও উদ্ধারকৃতরা খুলনা নগরীতে পাশাপাশি ভাড়া বাসায় থাকতেন। মেয়ে দু’টির বাবা গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলনার পূর্ববানিয়া খামার এলাকার বাড়ি থেকে বুধবার বিকেলে তার দুই মেয়ে কোচিংয়ে পড়তে গিয়ে নিখোঁজ হয়। ওইরাতেই তিনি খুলনা সদর থানায় রিয়াজুল ও তার বাবা বাবুলের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। র‌্যাব-৬ এর উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নুর-ই-আলম বলেন, গোপন সংবাদ পেয়ে র‌্যাব গুয়াবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মেয়ে দুটিকে উদ্ধার করে এবং রিয়াজুলকে গ্রেপ্তার করে। তবে রিয়াজুলের দাবি, মেয়ে দু’টি সেচ্ছায় তার সঙ্গে খুলনা থেকে তার গ্রামের বাড়ি গিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৮ ঘ.