২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাকাণ্ড‘ আসামিরা বিদেশেও পালিয়ে থাকতে পারে’

পিলখানা হত্যাকাণ্ডের পলাতক আসামিদের মধ্যে কেউ কেউ বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারে- এমন মন্তব্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সরকার তাদেরও খুঁজে বের করার চেষ্টা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2012, 08:38 AM

Updated : 24 Aug 2022, 10:51 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যাকাণ্ডের পলাতক আসামিদের মধ্যে কেউ কেউ বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারে- এমন মন্তব্য করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, সরকার তাদেরও খুঁজে বের করার চেষ্টা করছে। বিডিআর বিদ্রোহের ঘটনার তিন বছর পূর্তিতে শনিবার দুপুরে পিলখানায় বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত মিলাদ মাহফিলে পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এ বিষয়ে দায়ের করা হত্যা মামলার আসামিদের মধ্যে ২১ জন এখনো পলাতক রয়েছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “পলাতক আসামিরা দেশের বাইরেও চলে যেতে পারে। দেশের ভেতরে বা বাইরে যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে।” মহানগর দায়রা জজ আদালতে বর্তমানে সপ্তাহে দুদিন পিলখানা হত্যা মামলার বিচার চলছে। বিচার দ্রুত করতে এই সময় আরো বাড়ানো হবে কি না জানতে চাইলে টুকু বলেন, আদালতের পক্ষ থেকে এ ধরনের পরামর্শ পেলে তা বিবেচনা করা হবে। “এ বিচার শেষ হয়েছে দেখতে চাই আমরা”, বলেন তিনি। শনিবার দুপুর সাড়ে ১২টায় বর্ডার গার্ডস বাংলাদেশের মাল্টিপারপাস ট্রেনিং শেডে এই মিলাদের আগে সকাল ১০টায় বনানীর সামরিক কবরাস্থানে নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন, প্রধানমন্ত্রীর পক্ষে সহকারী সামরিক সচিব লে. কর্নেল মনির, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তিন বাহিনীর প্রধান ও বিজিবির মহাপরিচালক এ সময় নিহতদের কবরে ফুল দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। এছাড়া আওয়ামী লীগের পক্ষে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, বিএনপির পক্ষে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহম্মদ এরশাদসহ বিভিন্ন সংগঠনের নেতা ও সংস্থার কর্মকর্তারাও পিলখানায় নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরশাদ এই দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণা করে পতাকা অর্ধনমিত রাখার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/জেকে/১৪৩০ ঘ.